১৪ মে, ২০২৫ ০১:৪১
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে শাহরিয়ার সাম্য (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি হল ছাত্রদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
মঙ্গলবার রাত ১২টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন ও স্যার এ এফ রহমান হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।
এসব তথ্য নিশ্চিত করেছেন এ এফ রহমানের হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মাহফুজুল হক সুপণ। তিনি বলেন, ছুরিকাঘাতে রক্তাক্ত করা হয় সাম্যকে। এতে তার মৃত্যু হয়েছে। আমরা এখন মেডিকেলে আছি।
হাসপাতালে নিহতের সহপাঠী আশরাফুল ইসলাম রাফি ঘটনার বিবরণ দিয়ে বলেন, রাতে মোটরসাইকেল চালিয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এসময় অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ের উরুতে আঘাত করে পালিয়ে যায় ওই মোটরসাইকেলের আরোহী। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্যার এ এফ রহমানের হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মাহফুজুল হক সুপণ বলেন, ছুরির আঘাতে রক্তাক্ত করা হয়েছে তাকে। এতে তার মৃত্যু ঘটেছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক বলেন, সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় সাম্য হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, রমনা কালী মন্দির এলাকায় ওই শিক্ষার্থীর ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যায়। ঘটনার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
আপনার মন্তব্য