২৮ জুন, ২০২৫ ০০:৪১
প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নিরাপত্তা কর্মীদের নিয়ে প্রশাসনের উদ্যোগে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করার গুরুদায়িত্ব আপনারা পালন করছেন। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি চোখে পড়লে সঙ্গে সঙ্গে সুপারভাইজারকে জানাতে হবে। কর্মশালার পর দায়িত্ব পালনের মান যাচাই করা হবে। ডিউটির সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। প্রয়োজনের সময় তারাই প্রথম আপনাদের পাশে দাঁড়াবে।
তিনি আরও বলেন, “দায়িত্ব পালনের সময় সবাইকে নির্ধারিত ড্রেস পরে আসতে হবে এবং সুপারভাইজাররা রোটেশনের ভিত্তিতে দায়িত্ব ভাগ করে দেবেন। আমরা সবাই যেন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। তিনি বলেন, “সুপারভাইজার ফাইল জমা দেওয়ার দুইদিনের মধ্যে কর্মীদের বেতন পরিশোধ করা হবে। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে সবাই তাদের প্রাপ্য বেতন পেয়ে যাবেন।”
এসময় আরও বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান এবং বিশেষ অতিথি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুল হামিদ। কর্মশালাটি সঞ্চালনা করেন অতিরিক্ত রেজিস্ট্রার আ. ফ. ম. মিফতাউল হক।
প্রশিক্ষণ কর্মশালাটি ২৭ ও ২৮ জুন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। কর্মশালার মাধ্যমে নিরাপত্তা কর্মীদের সচেতনতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরা হবে।
আপনার মন্তব্য