০৩ নভেম্বর, ২০২৫ ১৯:২৩
ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।
সোমবার দুপুরে শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন তিনি।
মোনামির মামলায় আসামি করা হয়েছে চার ফেসবুক অ্যাক্টিভিস্টকে; যাদের মধ্যে আছে লেখক ও সাংবাদিক। এছাড়া অজ্ঞাত আসামিও রয়েছে মামলায়।
শাহবাগ থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর মামলার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। এ বিষয়ে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানান তিনি।
এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে দিয়ে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করায় এই মামলায় ১ নম্বর বিবাদী (আসামি) সাংবাদিক ও এক্টিভিস্ট মুজতবা খন্দকার, ২ নম্বর বিবাদী লেখক ও এক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ৩ নম্বর বিবাদী ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন এবং ৪ নম্বর বিবাদী আশফাক হোসাইন ইভান।
এজাহারে আসামিদের ফেসবুক আইডি ও পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে।
এর পাশাপাশি অজ্ঞাতনামা আসামিরা তাদের বিভিন্ন ফেসবুক আইডি থেকে ক্রমাগত তার ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করে তাকে নিয়ে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করছে বলে তিনি অভিযোগ করেছেন।
শেহরীন আনিম ভূইয়া মোনামি বলেছেন, ক্রমাগতভাবে আমার ছবি এডিট করে আশালীনভাবে পোস্ট করা এবং আমাকে নিয়ে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করার ফলে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। এ বিষয়ে সবার সঙ্গে আলোচনা করে এজাহার দায়ের করতে বিলম্ব হলো।
আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
আপনার মন্তব্য