রাবি প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০১৮ ০০:৪৯

রাবি শিক্ষার্থীর মাথা ফাটালেন ছাত্রলীগ নেতা

মারধরের দায়ে অভিযক্ত ছাত্রলীগ সহ-সভাপতি রুহুল আমিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের শহিদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) সামনে এ মারধরের ঘটনা ঘটে।

মারধরের শিকার শিক্ষার্থী জিহাদ হোসাইন। তিনি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসাপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

অভিযুক্ত মারধরকারী রুহুল আমিন কিস্কু র‌্যাক উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।

জিহাদের অভিযোগ, “আমি বিকেল বেলা টিএসসিসির পাশে বসে ছিলাম। কিছুক্ষণ পর এক ছেলে এসে বলল, আমাকে কোন বড় ভাই ডাকছে। তার সাথে গিয়ে রুহুল আমিন কিস্কুকে (র‌্যাক) বসে থাকতে দেখি। এসময় কিছু বুঝে ওঠার আগেই কিস্কু আমাকে রড দিয়ে আমার মাথায় আঘাত করে। এরপর ১২ থেকে ১৫ জন এসে আমাকে মারধর শুরু করে। তারা আমাকে রড, লাঠি ও লোহার পাইপ দিয়ে মারধর করে। আমি তখন মাটিতে লুটিয়ে পড়ি। আর কিছু মনে ছিল না আমার।”

জিহাদের সহপাঠীরা বলেন, “মারধরকারীদের আঘাতে জিহাদ জ্ঞান হারিয়ে ফেলেছিল। প্রায় আড়াই ঘন্টা পর তার জ্ঞান ফেরে। জিহাদের মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তাররা বলেছেন- জিহাদ পুরোপুরি সুস্থ হয়ে উঠতে কয়েকদিন সময় লাগবে।”

মারধরের বিষয়ে জানতে অভিযুক্ত রুহুল আমিনের সঙ্গে মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, “আমাদের এক নেতা নৃবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে মারধর করেছে-এটা আমি শুনেছি। আমি যতদূর জানি, তাদের দুজনের মধ্যে পূর্ব শত্রুতা রয়েছে। ছাত্রলীগের কোনো ক্ষমতাবলে রুহুল আমিন মারধর করেনি। তবে যদি ছাত্রলীগের ক্ষমতার অপব্যবহার করে এ ঘটনা ঘটিয়ে থাকে, সাংগঠনিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, “আইন নিজ হাতে তুলে নেয়ার ক্ষমতা কাউকে দেয়া হয়নি। তবে আমার কাছে এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

আপনার মন্তব্য

আলোচিত