সিলেটটুডে ডেস্ক

৩০ এপ্রিল, ২০১৮ ২০:৫২

জবি শিক্ষক হালিমের বিরুদ্ধে ফের যৌন হয়রানির অভিযোগ, সাময়িক বরখাস্ত

যৌন হয়রানির অপরাধে সাজাপ্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক হালিম প্রামাণিকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ফের একাধিক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেছেন।

একইসঙ্গে এর আগে যৌন হয়রানির অভিযোগ করা দুই শিক্ষার্থী তাদের ঘটনা পুনঃতদন্ত করে ওই শিক্ষকের ‘উপযুক্ত শাস্তি’ চেয়ে উপাচার্য বরাবর চিঠি দিয়েছেন। ফলে হালিম প্রামাণিককে সাময়িক বরখাস্ত করে ফের তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‌'হালিম প্রামাণিকের বিরুদ্ধে নতুন করে আরো যৌন হয়রানির অভিযোগ এসেছে। অভিযোগগুলো পাওয়ার পর নতুন তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত তিনি সাময়িক বহিষ্কার থাকবেন। বিশ্ববিদ্যালয়ের তিন ডিন, অভিযোগকারী এবং অভিযুক্তদের পক্ষ থেকে দুইজনসহ মোট পাঁচজনকে কমিটির সদস্য করা হয়েছে।

এছাড়া যৌন হয়রানির অভিযোগ করা আগের দুই শিক্ষার্থী তাদের ঘটনা পুনঃতদন্ত করে ওই শিক্ষকের উপযুক্ত শাস্তি চেয়ে সোমবার উপাচার্য বরাবর চিঠি দেন। যার পরিপ্রেক্ষিতে হালিম প্রামাণিকের সাময়িক বরখাস্ত বহাল রেখে পুনঃতদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আপনার মন্তব্য

আলোচিত