সিলেটটুডে ডেস্ক

২৫ নভেম্বর, ২০১৮ ১৬:১২

লিডিং ইউনিভার্সিটিতে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষা বিষয়ক আলোচনা

লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) সকাল ১১টায় দক্ষিণ সুরমাস্থ লিডিং ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে গ্যালারি-০১ এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান আলোচক হিসেবে অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ড. আরিফুল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম, পিএসসি উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান খান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, লিডিং ইউনিভার্সিটি এবং মারডক ইউনিভার্সিটির মধ্যে ইতিপূর্বে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রছাত্রীরা সরাসরি মারডক ইউনিভার্সিটিতে ক্রেডিট ট্রান্সফারের সুবিধা লাভ করবে। আজকের আলোচনা থেকে মূল্যবান দিকনির্দেশনা লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষা অর্জনের কার্যক্রমকে সুন্দর ও সহজতর করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি এ আলোচনায় অংশ গ্রহণ করার জন্য ড. আরিফুল হককে ধন্যবাদ জানান এবং এ অনুষ্ঠান আয়োজন করার জন্য ব্যবসায় প্রশাসন বিভাগকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান আলোচক ড. আরিফুল হক অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার স্বপ্নকে বাস্তবায়িত করার বিভিন্ন পরামর্শ দেন। তিনি কিভাবে অর্থ ও এবং সময় বাঁচিয়ে সহজভাবে আবেদন করে সফলতা পাওয়া যায় তা শিক্ষার্থীদের প্রশ্নোত্তরের মাধ্যমে ব্যাখ্যা করেন।

লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক  মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত