সিলেটটুডে ডেস্ক

২৫ নভেম্বর, ২০১৮ ১৭:০৪

নর্থ ইস্ট ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র রাহী স্মরণে শোক সভা

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন বিভাগের ৫ম সেমিস্টারের প্রাক্তন মেধাবী ছাত্র তৌকির আহমদ রাহীর স্মরণে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এনইইউবি বিজনেস ক্লাবের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তোফায়েল আহমদ, বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক সৈয়দ গোলাম কিবরিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শোকসভায় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী, প্রফেসর ড. তোফায়েল আহমদসহ উপস্থিত সকলে রাহীর অকাল মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন। তাঁরা রাহীর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

পরে রাহীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শেখঘাটস্থ শেখ ছানাউল্লা মসজিদের ইমাম হাফেজ নজিম উদ্দিন।

উল্লেখ্য, শুক্রবার (২৩ নভেম্বর) কক্সবাজার থেকে মোটরসাইকেলে ফেরার পথে চট্টগ্রামের পটিয়ায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৫ম ব্যাচের প্রাক্তন ছাত্র তৌকির আহমদ রাহী ও মাহফুজুর রহমান মারাত্মক সড়ক দুর্ঘটনায় শিকার হন। রাহী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তবে মাহফুজুর রহমান আহতাবস্থায় চিকিৎসাধীন আছেন।

রাহীর গ্রামের বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ থানাধীন আগ্নোপাড়া গ্রামে। তাঁর পিতার নাম সুরত উদ্দিন সিকদার ও মাতার নাম খন্দকার ছদরুন নেহার। রাহী নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে বিবিএ ডিগ্রি অর্জন করে ঢাকায় একটি রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠানের হিসাব বিভাগে দায়িত্বশীল পদে কর্মরত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত