৩০ জানুয়ারি, ২০১৯ ১৯:০৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘অর্থনৈতিক ন্যায়বিচার ও নৈতিকতা’র দৃষ্টিকোণে বাংলাদেশের উন্নয়ন’ বিষয়ক দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে এ জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
মিনি অডিটেরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল মুনিম জোয়ারদারসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, অর্থনীতির ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ মানুষের মূল্য বাড়িয়ে দেয়। ব্যক্তি সমাজের অংশ এবং সমাজ দেশের অংশ। এখন অর্থনীতির নৈতিক ভিত্তিগুলো সচল রাখার মাধ্যমে কীভাবে সমাজ তার মূল্যকে উন্নত করতে পারে নৈতিক অর্থনীতি আমাদের সে শিক্ষাই দেয়।
অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, আমরা মানুষের পুরো আচরণ দেখি না শুধুমাত্র অর্থনৈতিক বিষয় দেখি। উন্ননের পরিমাপের মাপকাঠি হিসেবে শুধু জিডিপি নয় আরো অনেক মাত্রা ব্যবহার হয়। অর্থনীতি বহুমাত্রিক হওয়ার কারণে এর প্রতিনিয়ত নতুন নতুন মাপকাঠি বের হচ্ছে। সেই নতুন মাপকাঠির সাথে তাল মিলিয়ে আমাদের দেশের অর্থনীতিকে সামনের দিকে নিয়ে যেতে হবে।
দুইদিনব্যাপী সম্মেলনের বিভিন্ন সেশন বক্তব্য রাখছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসাইন জিল্লুর রহমান, ড. ইসমাইল হোসাইন, ড. বিনায়েক সেন, ড. এনামুল হক।
আপনার মন্তব্য