৩১ জানুয়ারি, ২০১৯ ১৫:০৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন’র নির্বাচনে সভাপতি পদে মো. মুর্শেদ আহমদ ও সাধারণ সম্পাদক পদে আবু সাদাত মো. সায়েম তালুকদার নির্বাচিত হয়েছেন।
বুধবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্লাবে দিনব্যাপী ভোট গ্রহণের পর রাতে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক সোহেল উদ্দিন আহম্মদ।
নির্বাচনে ১১টি পদের বিপরীতে আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের মমিনুল-ফখর প্যানেল ও বিএনপি-জামায়াতপন্থী কর্মকর্তাদের মোর্শেদ-সায়েমের প্যানেলের মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ১১টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিএনপি জামায়াতপন্থী প্যানেল ৮টি পদে জয়লাভ করে। শুধুমাত্র কোষাধ্যক্ষ ও দুইটি সদস্যসহ মোট ৩টি পদে জয়লাভ করে আওয়ামী পন্থী প্যানেল।
নির্বাচনে বিজয়ী অন্যদের মধ্যে হলেন, সহ-সভাপতি পদে আবু জাফর মো. তামরিনুল হাসান, সহ-সাধারণ সম্পাদক পদে মো. মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. রবিউল ইসলাম জুয়েল।
ছয়টি কার্যনির্বাহী সদস্য পদে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আ ন ম জয়নাল আবেদীন, মখলিছুর রহমান, আহমদ মাহবুব ফেরদৌসি, সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির, মো. জয়নাল ইসলাম চৌধুরী এবং এএসএম খয়রুল আক্তার চৌধুরী।
আপনার মন্তব্য