এমসি কলেজ প্রতিনিধি

০৫ মার্চ, ২০১৯ ১৫:১৬

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এমসি কলেজে ছাত্রফ্রন্টের বিক্ষোভ

গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে অবিলম্বে মুরারিচাঁদ (এমসি) কলেজে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে কলেজের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়ে জারুলতলা, মোহনা চত্বর, শহীদ মিনার, ক্যান্টিন, রসায়ন বিভাগ ঘুরে ছাত্র সংসদ ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

১৯৯১ সালে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল এই কলেজে। দীর্ঘ ২৭ বছর থেকে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় কলেজ প্রশাসনকে দায়ী করে সমাবেশে সমালোচনা করেন বক্তারা।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট মহানগরীর আহ্বায়ক সঞ্জয় দাস বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচন একটি গণতান্ত্রিক অধিকার। কলেজ প্রশাসনের ভূমিকার কারণে এই নির্বাচন দীর্ঘদিন থেকে বন্ধ। এ জন্যই রাষ্ট্রের সৈরাচারী শাসনের প্রভাব পড়ছে কলেজগুলোতে। কলেজে শিক্ষার্থীদের দাবি-দাওয়ার বিষয়গুলো তোলার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে একজন প্রতিনিধি থাকার নিয়ম রয়েছে। কিন্তু দীর্ঘদিন থেকে সেই প্রতিনিধিও নেই। ছাত্রসংসদ নির্বাচন না হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলার কেউ নেই।’

তিনি আরও বলেন, দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য দীর্ঘদিন থেকেই আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় ছাত্রফ্রন্ট এমসি কলেজ শাখা আজকের এই কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।'

নগর ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনীম ক্ষোভ প্রকাশ করে বলেন, ২৭ বছর ধরে এমসি কলেজে নির্বাচন না হলেও এতদিন যাবত ফি দিয়ে আসছে শিক্ষার্থীরা। ফি বাবদ দীর্ঘদিনের জমানো টাকা কোথায় আছে বা কোথায় খরচ হচ্ছে সে ব্যাপারে আমরা কিছু জানি না। এই টাকার বিষয়ে শিক্ষার্থীদেরও অবহিত করছে না প্রশাসন। আমরা অবিলম্বে এমসি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ছাত্র সংসদ নির্বাচন চাই। এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নৈতিক দাবি-দাওয়া তুলতে পারবে।’

মিছিল শেষে অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ বরাবর স্মারকলিপি দেয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

স্মারকলিপিতে অবিলম্বে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানায় তারা।

আপনার মন্তব্য

আলোচিত