২৩ এপ্রিল, ২০১৯ ১৪:০৬
খাদ্য নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উপর এক প্রশিক্ষণ সেমিনার লিডিং ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে খাদ্য নিরাপত্তা সনদ প্রদান করা হয়েছে যা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য এবং যার মাধ্যমে তারা দেশের বাইরে কাজের সুযোগ পাবে।
২০ এপ্রিল ট্রেইনিং প্রদান শেষে লেভেল-১ পরীক্ষায় উত্তীর্ণ লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৫ জন শিক্ষার্থীদেরকে এ সনদ প্রদান করা হয়।
বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ খাদ্য নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি বিষয়ক এ প্রশিক্ষণ সেমিনারের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং প্রধান প্রশিক্ষক হিসেবে যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব ফুড, হেলথ এন্ড সেইফটি সিনিয়র অফিসার এবং চার্টার্ড হেলথ এন্ড সেইফটি প্র্যাক্টিশনার রাজা মিয়া উপস্থিত ছিলেন।
খাদ্য নিরাপত্তা সময়োপযোগী একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, খাদ্য নিরাপত্তার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া প্রয়োজন। আজকের এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা এ বিষয়ে অনেক মূল্যবান দিকনির্দেশনা পাবে যা তাদের কর্মক্ষেত্রে সহায়ক হবে।
তিনি লিডিং ইউনিভার্সিটিতে এসে প্রশিক্ষণ প্রদানের জন্য প্রধান প্রশিক্ষক রাজা মিয়া এবং সেমিনার আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে ধন্যবাদ জানান।
প্রশিক্ষক রাজা মিয়া বলেন, খাদ্য নিরাপত্তার পরিমাপগুলো সর্বক্ষেত্রে নেয়া প্রয়োজন। খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, সরবরাহ থেকে শুরু করে সংরক্ষণ এবং খাদ্যগ্রহণে সঠিক ব্যবস্থাপনা থাকতে হবে। আর সে জন্য নিতে হবে যথাযথ পদক্ষেপ যাতে খাদ্য ব্যবহারকারীরা এ বিষয়ে সচেতন হতে পারেন।
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, প্রচার এবং প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন। তিনি লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদেরকে এ বিষয়ে বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি করার পরামর্শ দেন।
লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে চেইন অব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এবং ফুড হাইজিন বিষয়ক প্রশিক্ষক আজাদ চৌধুরী, লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মো. সামস-উল আলম, কলা ও আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর নাসির উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব.) মো শাহ আলম, পিএসসি প্রমুখ।
ইংরেজি বিভাগের প্রভাষক তাসনিয়া মিজান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য