রাবি প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৫:১৪

রাবিতে ৪র্থ জাতীয় বিজ্ঞান উৎসব শুরু শনিবার

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (আরইউএসসি) এর যৌথ উদ্যোগে আগামী শনিবার ও রোববার (২৮ও ২৯ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী ৪র্থ জাতীয় বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এই মেলার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আকবর হুসাইন।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরি এম জাকারিয়া।

এছাড়াও প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ বিভিন্ন অনুষদের অধিকর্তা, ইন্সটিটিউটের পরিচালকগণ এবং সায়েন্স ক্লাবের উপদেষ্টাগণ উপস্থিত থাকবেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে আরইউএসসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবারের উৎসবে থাকছে প্রোজেক্ট শো, সায়েন্স অলিম্পিয়াড, ৩ মিনিট প্রেজেন্টেশন, সায়েন্টিফিক বিজনেস আইডিয়া প্রেজেন্টেশন, সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন ও ৬ডি মুভি প্রদর্শনীসহ মোট ১০টি ইভেন্ট।

এছাড়াও থাকছে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতামূলক আয়োজন। বিভিন্ন সেমিনার অলিম্পিয়াড ও অন্যান্য প্রতিযোগিতাগুলো বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ও বিজ্ঞান ভবনগুলোতে অনুষ্ঠিত হবে।

ক্লাবের উপদেষ্টা ও রসায়ন বিভাগের অধ্যাপক মো. তরিকুল হাসান বলেন, ভিশন ২০৪০ সালকে সামনে রেখে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা অব্যাহত রাখতে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চা প্রয়োজন। ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তরুণ জনগোষ্ঠীকে সঠিক বিজ্ঞান চর্চা করতে হবে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এমন আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ২০১৫ সালে যাত্রা শুরু করে। বাংলাদেশ সরকারের মন্ত্রণালয় নিবন্ধিত এই ক্লাবটি যাত্রার শুরু থেকেই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিজ্ঞান চর্চায় উৎসাহিত করে আসছে। এরই ধারাবাহিকতায় এই উৎসব আয়োজন করা হয়েছে।

বিজ্ঞান উৎসবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। নিবন্ধন করতে ক্লাবের ওয়েবসাইট (www.rusc.org.bd/fsf) অথবা ক্লাবের বুথে নিবন্ধন করা যাবে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত। সাধারণ দর্শনার্থীদের জন্য উৎসব উন্মুক্ত থাকবে।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ক্লাবের সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত