২৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৩৭
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বিরুদ্ধে বেনামী শ্বেতপত্র প্রকাশে নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনগুলো।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কর্মকর্তা-কর্মচারীদের আলাদা আলাদা লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে শাবি কর্মচারী সমিতি, অফিসার্স এসোসিয়েশন, সহায়ক পরিবহন কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন এ শ্বেতপত্রের নিন্দা জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বর্তমান উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আমাদের বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তর করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে সেই মুহূর্তে কিছু স্বার্থান্বেষী মহল কর্মকর্তা-কর্মচারীদের নাম জড়িয়ে বিশ্ববিদ্যালয়ের এ উন্নয়ন ও শিক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্ত করার পায়তারা করছে। আমরা নিশ্চিন্তে বলতে পারি যারা এ বিশ্ববিদ্যালয়কে নিজের পরিবার বলে মনে করে তারা কখনোই এমন কাজ করতে পারে না । বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা-কর্মচারী এ নিষ্ঠুর অমানবিক কাজের সাথে জড়িত নেই।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এবং উন্নয়ন কার্যক্রমকে অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী অতি নিষ্ঠা ও সততার সাথে কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রেখে তাদের কাজ করে যাচ্ছে। এরূপ অপকর্মের জন্য আমরা শাবিপ্রবি পরিবারের সকল সদস্য হতবাক ও মর্মাহত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অগ্রযাত্রাকে সামনে রেখে উপাচার্য মহোদয়ের সাথে সর্বাত্মক অংশগ্রহণ করার আহবান জানাচ্ছি।
আপনার মন্তব্য