০৩ ডিসেম্বর, ২০১৯ ১৮:২৬
নারী নিরাপত্তা বিষয়ক চমকপ্রদ আইডিয়া উপস্থাপন করে ‘অনারেবল ম্যানশন’ এ্যাওয়ার্ড অর্জন করেছে, লিডিং ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ২য় বর্ষের ৩ শিক্ষার্থী।
আই.ই.ই.ই বাংলাদেশ সেকশনের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত উইমেন টু উইমেন এমপাওয়ারমেন্ট চ্যালেঞ্জ ‘আইডিয়া শেয়ারিং এন্ড পোষ্টার প্রেজেন্টেশন’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারা।
সাদিয়া মুমতাহিনা, ফৌজিয়া নওশীন অন্বেষা এবং তারেক আনোয়ার শিকদারের সমন্বয়ে গঠিত দলটির নাম ছিলো ‘নারী’ - যারা বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৪টি দলের মধ্যে ৪র্থ স্থান অর্জন করে এবং সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মাঝে ১ম স্থান অধিকার করার গৌরব অর্জন করে।
দলটি একটি বিশেষ ধরণের ইলেকট্রনিক চিপ তৈরি করার আইডিয়া শেয়ার করেছে। যে চিপটি নারীরা তাদের ঘড়িতে, লকেটে কিংবা আংটিতে স্থাপন করে রাখতে পারবেন। যখনি কোনো নারী নিজেকে অনিরাপদ মনে করবেন তখনই তিনি ঘড়ি, লকেট কিংবা আংটিতে চিপের সাথে বিশেষ উপায়ে স্থাপিত বাটনে প্রেস করলে স্বয়ংক্রিয়ভাবে একটি অ্যালার্ম বেজে উঠবে যার শব্দ শুনে কাছাকাছি অবস্থানরত মানুষ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসতে পারবে।
এর পাশাপাশি বাটনে প্রেস করলে স্বয়ংক্রিয়ভাবে ৯৯৯ ইমার্জেন্সি সার্ভিসে পুলিশের কাছে কল চলে যাবে এবং তার লোকেশন পুলিশ জেনে যেতে পারবে এবং দ্রুততম সময়ে পুলিশ তাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে। এই চিপ ব্যবহারের সময় যদি মোবাইলে নেটওয়ার্ক নাও থাকে তাহলেও ঐ স্থানের রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে চিপের মাধ্যমে বিপদ সংকেত পাঠানো সম্ভব হবে।
প্রতিযোগিতায় উপস্থিত ১০জন বিচারক এবং দেশী-বিদেশী সকল পর্যবেক্ষক লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন। সেখানে একাধিক উদ্যোক্তা এই প্রজেক্টে ফান্ডিং করার আগ্রহ প্রকাশ করেন। আই.ই.ই বাংলাদেশ সেকশন এবং উইমেন ইন ইঞ্জিনিয়ারিং এ্যাফিনিটি গ্রুপের পক্ষ থেকে ৩ জনকে সার্টিফিকেট ও প্রাইজমানি প্রদান করা হয়।
অবিস্মরণীয় এই সাফল্য অর্জন করায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সারাবিশ্বেই নারী নিরাপত্তার বিষয়ে বিভিন্ন গবেষণামূলক কাজ হচ্ছে এবং লিডিং ইউনিভার্সিটি এমন গঠনমূলক কাজের পৃষ্ঠপোষকতায় আন্তরিক।
লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রুমেল এম.এস. রহমান পীর শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ডিপার্টমেন্টের এমন ধারাবাহিক সাফল্য শিক্ষার্থী ও শিক্ষকদের কঠোর পরিশ্রমের ফসল। এসময় আরও উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রভাষক জনাব রফিকুল ইসলাম, প্রভাষক মো. আশরাফুল ইসলাম, প্রভাষক মুনতাসীর রশীদ এবং প্রভাষক আফসানা বেগম। এই সময়ে ডিপার্টমেন্টের ১ম বর্ষের ছাত্র জয়নুল হোসেন তুহিনকেও জাতীয় পর্যায়ে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়া হয়।
এখানে উল্লেখ্য, লিডিং ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা ইতিপূর্বে অনেকবার দেশে ও বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সর্বোচ্চ স্থান লাভ করেছে। ডিপার্টমেন্টের অনেক প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে স্কলারশিপ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় ও গবেষণাকাজে নিয়োজিত আছে।
আপনার মন্তব্য