০২ জানুয়ারি, ২০২০ ১৯:৫৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিষিদ্ধ র্যাগিংয়ের দায়ে জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের ১১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেটের সর্বশেষ বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। একই বিভাগের জুনিয়র শিক্ষার্থীদের তারা নির্যাতন করেছেন বলে অভিযোগ রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেটের বিশেষ সভায় ১১ শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এ সংক্রান্ত অফিস আদেশ দেওয়া হয়নি। দ্রুতই তা দেওয়া হবে।’
সূত্র জানায়, বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের (২০১৭-১৮ সেশন) হারুন অর রশিদ, এনামুল হক তামিম, মো. রাইসুল ইসলাম রাজু, তাওসিফ আব্দুল্লাহ, সালগ্না রেমা, জাকির হোসেন জীবন, মুহাম্মদ মাহাবুবুল আলম, মো. মাহবুবুল আলম, সারা বিনতে সালাহ, সায়মা লিমা ও ফাবিহা বিনতে হক।
একই ঘটনায় প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী মিথ্যা তথ্য দেওয়ায় তাদের সতর্ক করা হয়েছে। র্যাগিংয়ের শিকার হলেও তা অস্বীকার করায় প্রথম বর্ষের মো.নাঈম হাসান ও আল ইমরান হোসেন তালুকদারসহ কয়েকজনকে সতর্ক করা হয়। গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।
জানা যায়, গত বছর ১৫ এপ্রিল রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে র্যাগিংয়ের ঘটনা ঘটে। জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের (৪৮ তম আবর্তন) কয়েকজন শিক্ষার্থী ঘটনার শিকার হন। আর ঘটনা ঘটান একই বিভাগের দ্বিতীয় বর্ষের (৪৭ তম আবর্তন) কয়েকজন শিক্ষার্থী। র্যাগিংয়ের শিকার কয়েকজন অভিযোগ করেন প্রক্টরিয়াল বডির কাছে।
ভিকটিম শিক্ষার্থীরা জানান, বিভাগের আয়োজনে ১৫ এপ্রিল জেএমএস প্রিমিয়ার লীগ নামে ক্রিকেট খেলা ছিল। এই খেলা দেখার জন্য প্রথম বর্ষের সকল শিক্ষার্থীকে মাঠে যেতে বলেছিলেন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। কিন্তু প্রথম বর্ষের সব শিক্ষার্থী খেলা দেখতে না যাওয়ায় ক্ষুদ্ধ হন তারা। এ নিয়ে বিচারের নামে রাত ৮টায় প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থীকে ডেকে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। সেখানে অকথ্য ভাষায় গালিগালাজ,কান ধরে দাঁড় করিয়ে রাখাসহজ নানারকম শাস্তি দেওয়া হয়।
আপনার মন্তব্য