শাবি প্রতিনিধি

০৯ জানুয়ারি, ২০২০ ১৭:১১

শাবিতে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন ৮৯ শিক্ষার্থী

কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য 'ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড' পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ৮৯ গ্র্যাজুয়েট শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি)সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ 'ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড' অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সঞ্চালনা করেন রেজিস্টার মো. ইশফাকুল হোসেন।

এসময় বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. সাজেদুল করীম, স্কুল অব লাইফ সায়েন্সস অনুষদের ডীন অধ্যাপক ড. এস এম আবু সায়েম, স্কুল অব এগ্রিকালচার এন্ড মিনারেল সায়েন্সস অনুষদের ডীন ড. মুহাম্মদ বেলাল উদ্দিন, অ্যাপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডীন অধ্যাপক ড. মোস্তাক আহমেদ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো ফয়সাল আহমেদ,স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, স্কুল অব মেডিকেল সায়েন্সসের ডীন অধ্যাপক ড. মো. মইনুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় অনেকদূর এগিয়ে গেছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে আমরা ভালো অবস্থা রয়েছি। আগামী দু'এক বছরের মধ্যে আমরা দেশের শীর্ষে অবস্থানে অবস্থান করবো। আগামীতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে নেতৃত্ব দিবে আমাদের গ্র্যাজুয়েটরা।

তিনি বলেন, আমাদের  বিশ্ববিদ্যালয়ে এখন সেশন জট শূন্য। বিশ্ববিদ্যালয়ে আমরা সুশাসন প্রতিষ্ঠা হয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে র‌্যাগিং প্রথা নির্মূল হয়েছে। দেশ ও দেশের বাইরে আমাদের গ্র্যাজুয়েটরা অনেক ভালো করছে।

তিনি আরও বলেন, এবারের সমাবর্তনে আমাদের যা ভুল হয়েছে আগামীতে তা আর হবে না। আমাদের যা ভুল ছিলো আমরা সব নোটিশ করেছি। অভিভাবক ও শিক্ষার্থীদের সামনে আরও স্ক্রিন রাখা দরকার ছিলো। তবে সামনের সমাবর্তনে এ ধরনের ভুল আর হবে না বলে আশ্বাস দেন তিনি।

এছাড়া কোষাধ্যক্ষ অধ্যাপক আনোয়ারুল ইসলাম বলেন, সমাবর্তনে খাবার দিতে না পারা আমাদের জন্য ব্যর্থতা। এজন্য আমরা গ্র্যাজুয়েটদের কাছে ক্ষমাপ্রার্থী। সবাই ক্ষুধা নিয়েও হাসিমুখে দিন কাটিয়েছেন।

গতকাল বুধবার (৮ জানুয়ারি)কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোট ছয় হাজার ৭৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সমাবর্তন অনুষ্ঠানে ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষে স্নাতকে সর্বোচ্চ ফলাফলধারী ১২ শিক্ষার্থী ও স্নাতকোত্তরে আট শিক্ষার্থীকে রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত