০৯ এপ্রিল, ২০১৭ ১৪:৩৭
কপিল শর্মা ও সুনীল গ্রোভারের মধ্যকার বিরোধের কথা এখন পুরনো। শোনা গিয়েছিল, কপিলের সাথে বিরোধ মিটিয়ে আবার 'দ্য কপিল শর্মা শো'-তে ফিরবেন সুনীল। তবে সেই সম্ভাবনা নাকচ করে দিয়ে সুনীল বলেছেন- "আমি সম্মানের সঙ্গে কাজ করতে চাই।" এবার শোনা যাচ্ছে, কপিলের আচরণে বিরক্ত হয়ে শো বন্ধ করে দিতে পারে সনি টিভি কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ জানাচ্ছে, সুনীল ও টিমের কয়েকজন সদস্যের সঙ্গে কপিলের খারাপ আচরণের জের ধরে চলমান বিতর্কে কপিল শর্মা শো-এর রেটিং পড়ে গেছে। ফলে চ্যানেলটি কপিলকে অনুষ্ঠানটির উপস্থাপক আর রাখতে চাচ্ছে না। এমনকি বন্ধ করে দেয়া হতে পারে জনপ্রিয় এই শো।
জানা গেছে, সংবাদমাধ্যমে কপিলের সমালোচনার পর অনুষ্ঠানটির সর্বশেষ কয়েকটি পর্বের রেটিং অনেক নেমে গেছে, যা চ্যানেলটি আশা করেনি। ফলে তারা আর কপিলকে চাচ্ছে না। ১০৭ কোটি রুপিতে কপিলের সঙ্গে চ্যানেলটির চুক্তি নবায়ন হওয়ার কথা ছিল। কিন্তু এখন আর কর্তৃপক্ষ আগ্রহী নয়।
অন্যদিকে, সুনীলের প্রতি আগ্রহ আছে সনি টিভির। তাঁকে নিয়ে তৈরি হতে পারে নতুন অনুষ্ঠান- এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। আর সুনীলও শর্ত দিয়েছেন, যদি কপিলের সঙ্গে একই ফ্রেমে থাকতে না হয় এবং সরাসরি কথা বলার সুযোগ না থাকে, তাহলে সনি টিভির অন্য কোনও অনুষ্ঠানে ফিরলেও ফিরতে পারেন তিনি।
আপনার মন্তব্য