১০ এপ্রিল, ২০১৭ ২৩:০৭
অভিনেত্রী অপু বিশ্বাস ২০১৬ সালের মার্চ মাস থেকে আত্মগোপনে চলে যান। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর দিতেই তিনি হাজির হয়েছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘নিউজ২৪’-এ। বলেছেন তাঁর সব কথা।
অভিনেতা শাকিব খানের সঙ্গে তাঁর বিয়ে, সংসার ও সন্তান – এসব বিষয় নিয়ে পরিষ্কার করে বলেছেন তাঁর পক্ষ থেকে।
শাকিব খানের কথা মতই বিয়ের বিষয়টি গোপন করেন অপু। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনায় নিজেকে আর ঠিক রাখতে পারেননি বলে জানান তিনি।
অপু বিশ্বাস সন্তানসম্ভবা হওয়ায় শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমায় অভিনয় ছেড়ে দেন বলেও তিনি জানান। তাঁর জায়গায় কাজ করেন বুবলি। কিন্তু সময়ের সাথে সাথে শাকিবের সাথে কয়েকটি সিনেমায় অভিনয় করার পর খবর ছড়াতে থাকে শাকিব-বুবলির বিশেষ সম্পর্ক নিয়ে। সবার সামনে না থাকলেও অপু নিয়মিতই খবর রাখতেন শাকিব খানের এবং বাংলাদেশের সিনেমার তাঁর অবস্থান নিয়ে। তাই এই খবরটিও তাঁর কান পর্যন্ত গড়ায় ঠিকই।
‘রংবাজ’ সিনেমাতে অভিনয় করার কথা ছিল অপু বিশ্বাসেরও। কিন্তু আজ সোমবার জাতীয় দৈনিকে সংবাদ বের হয় বুবলি এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এরপর, শাকিব খানের সঙ্গে এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেন অপু।
অপু বলেন, “আমার কাছে শাকিবের কমিটমেন্ট ছিল, বুবলির সাথে সে আপাতত কাজ করবে না। নিউজেও দেখছি যে সে কাজ করবে না। হঠাৎ আজকে সকালে দেখি যে সে নিউজ করেছে। শাকিব বলছে তাঁরা ভাল জুটি।”
বুবলির সঙ্গে সিনেমা করা নিয়ে আপত্তি ছিল অপুর। অপু বলেন, “আমার সাথে এগুলো নিয়ে এক-দেড় মাস ধরে শাকিবের বাকবিতণ্ডা হচ্ছে।”
নিজের সংসার এবং সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই বুবলির কাছ থেকে দূরে থাকার পরামর্শও দেন অপু। কিন্তু তাতে কাজ হয়নি দেখেই চটে গিয়েছেন তিনি। পরে, তাঁর সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই সবাইকে সব জানানোর সিদ্ধান্ত নেন বলে জানান তিনি।
বুবলিকে ফোনে গালাগালি করার বিষয়টিও স্বীকার করে নেন অপু বিশ্বাস। তিনি বলেন, “একদিন আমি তাঁর ফেসবুক ওয়ালে দেখি ‘ফ্যামিলি টাইম’। মাঝখানে শাকিব বসা।” বুবলির ওয়ালে এমন একটি ছবিতে শাকিবের সঙ্গে ফ্যামিলি টাইম দেখে তা সরিয়ে নিতে শাকিবকে জানান অপু। কিন্তু তাতে কাজ না হলে পরদিন সকালে নিজেই বুবলিকে ফোন দেন অপু এবং তাঁর সঙ্গে খারাপ ভাষায় কথা বলেন। নিজের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে নিজেকে ঠিক রাখতে না পেরে এমনটি তিনি করে বসেন বলে জানান এই অভিনেত্রী। এমনকি বুবলির কাছে লাইভ অনুষ্ঠানটিতে এর জন্য দুঃখও প্রকাশ করেন অপু।
অপু বিশ্বাসের এই ফোনের জের ধরেই বুবলি অনেক কথা বলেন বিভিন্ন মিডিয়ায়। এসব কথা নিয়ে শাকিব খানের চুপ থাকাটাও অপু বিশ্বাসকে ক্ষুব্দ করে।
তবে এসব ব্যাপারে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজী হননি বুবলি।
নতুন নায়িকা বুবলিকে নিয়েই অপু-শাকিবের সম্পর্কের অবনতি কি না, জানতে চাইলে শাকিব খান বলেন, ‘বুবলি নতুন নায়িকা। তাঁর সঙ্গে আমার ভালো জুটি হয়েছে। কিন্তু কেউ বলবে, বুবলির সঙ্গে কাজ করা যাবে না। তাহলে আমি বেকার বসে থাকব বাসায়? আমাকে কী এখন অপু বিশ্বাসকে নিয়ে ছবি করতে হবে? অনৈতিক দাবি তো আমি কোনো দিনই মানব না। আজকে যে অপু বিশ্বাসকে সবাই দেখছে, তাকে নিয়ে কী এখন সিনেমা করা যায়? এখন সে সিনেমা করার মতো নায়িকা?’ এর সঙ্গে যোগ করেন, ‘বুবলির জায়গায় অন্য কেউ থাকলেও একই হতো। তাঁকে (অপু) নতুন ছবিতে নিলাম না, এজন্য? নিব কোথা থেকে? তাঁর সেই শারীরিক অবস্থা আছে? আমি জীবনে বহু ট্র্যাপ হয়েছি। আর ট্র্যাপ হতে চাই না।’
বিয়ের প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘তারকাদের জীবনে ভুলভ্রান্তি হয়। সেটা প্রসেনজিৎ, জিৎ, সাইফ আলী খান, আমির খান, টম ক্রুজের মতো নায়কদের ক্ষেত্রেও হয়েছে। এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। পারসোনাল লাইফ তো থাকবেই।’
এত দিন কেন বিয়ের কথা জানাননি—এমন প্রশ্ন করা হলে প্রথমে তিনি বলেন, ‘অপুকে জিজ্ঞেস করুন, কী কারণে হয়নি। আমি অপুর সঙ্গে কথা বলব না, অপুকে নিয়েও কথা বলব না। তিনি আমার আব্রাহামের মা। সম্মানও হানি করতে চাই না। তবে এত দিন পর কেন তিনি এসব কথা সবাইকে জানাচ্ছেন, সেই প্রশ্নটা তাঁকেই করুন।’ এর সঙ্গে যোগ করেন, ‘শাকিবের ক্যারিয়ার এত ঈর্ষনীয় বিষয় যে অপু আমার সব বিরোধীদের সঙ্গে মিলে এমন করল। সারাজীবন তো আমাকে ট্র্যাপ করেই আসছে, আজকে আবারও করল। বলিউডে আমার সিনেমা রিলিজ হবে, আর কয়েক দিন পরই। আর তখন এমনটা করল...। বাংলায় প্রবাদই আছে, একজন উঠতে চাইলে আরেকজন ঠ্যাঙ ধরে নামায়।
অপুর এই কর্মকাণ্ডকে চক্রান্ত দাবি করে শাকিব খান বলেন, ‘এটা অবশ্যই চক্রান্ত। তবে চক্রান্ত কাজে দেয় না। আমির খান আমির খানই আছেন। তাঁর ক্যারিয়ার নষ্ট হয়েছে? প্রসেনজিৎ, জিৎ তাদের ক্যারিয়ার নষ্ট হয়েছে? যারা আমাকে ভালোবাসে তারা তো আমাকে ভালোই বাসে। তারা যখন সঠিকটা জানবে, বিবেচনা করবে।’
সর্বশেষ নিজের অবস্থান ব্যাখ্যা করে শাকিব খান বলেন, ‘এটা একটা গেম, চক্রান্ত। আজ সকালে পত্রিকায় নিউজ দেখে আমার সব যে দেখে তাঁকে ফোন দিয়ে অপু বলেছে যে রংবাজ ছবিতে তাঁকে নিতে হবে। নইলে সে প্রেস কনফারেন্স করবে। সারাজীবন তো সব নায়িকা বাদ দিয়ে তাঁকে নিলাম। এই শারীরিক অবস্থায় সে কেমনে আশা করে সিনেমার নায়িকা হওয়ার? এই অবস্থায় দর্শক ওকে নায়িকা হিসেবে নেবে? আমি এ-ও বলেছি, ফিগার ঠিক করে নাও। আমি তোমাকে ব্রেক দিচ্ছি।’
আপনার মন্তব্য