২৪ আগস্ট, ২০১৮ ১৯:৪৯
হুট করেই সিদ্ধান্তে আসে ঈদে মুক্তি দেয়া হবে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও কলকাতার বনি সেনগুপ্ত অভিনীত ছবি ‘মনে রেখো’। ঈদের দুই দিন আগে ছাড়পত্র পাওয়া ছবিটি নিয়ে খুব একটা প্রচার প্রচারণাও চালাতে পারেনি প্রযোজনা সংস্থা হার্টবিট প্রডাকশন। তবে প্রচার প্রচারণা অপ্রতুল হলেও অবশেষে ঈদুল আজহায় দেশের ৭০টি হলে মুক্তি পায় ছবিটি। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি দর্শকদের মাঝে সাড়া পেলেছে বলে জানান প্রযোজক তাপসী ফারুক।
ঈদের তৃতীয় দিনে হলে হলে খোঁজ নিয়ে জানা গেল ঈদের দিন ও দ্বিতীয় দিনের চেয়ে আজ দর্শক বাড়ছে। সেই সঙ্গে ‘মনে রেখো’য় হল মালিকদের সন্তুষ্টিও বাড়ছে। চলতি সপ্তাহ ছবিটি দর্শক ধরে রাখবে বলেই বিশ্বাস হল মালিকদের।
ঈদের দিন থেকে রাজধানীর বলাকা, মধুমিতা, রাজমনি এবং যশোরের সবচেয়ে বড় সিনেমা হল মনিহারে চলছে‘মনে রেখো’। ঈদের দিন বিকেল ৩টার শো ও সন্ধ্যা সাড়ে ৬টার শোতে হলগুলোয় ‘মনে রেখো ‘হাউজফুল শো’ গেছে বলেই সমকাল অনলাইনকে জানিয়ছেন ঐতিহ্যবাহী চার সিনেমা হলের ব্যবস্থাপকরা।
এছাড়াও যমুনা ব্লকবাস্টার সিনেমাস, সনি মিরপুর ও সৈনিক ক্লাব হলেও ছবিটির শো হাউজফুল যাচ্ছে বলে হল কর্তৃপক্ষেল সঙ্গে কথা বলে জানা গেছে।
মধুমিতা সিনেমা হলের মালিক ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘ঈদের দিন ও পরের দিন থেকে আজকের দুপুরে শো’তে দর্শক সমাগম বেশি। ৩টার শোতে বেড়েছে আরও। আশা করি ৬টার শোতে আরও বাড়বে। চলতি সপ্তাহ মনে রেখো দর্শক টানবে বলেই আমার বিশ্বাস।’
ঢাকায় অবস্থিত যমুনা ব্লকবাস্টার সিনেমাসেও ‘মনে রেখো’ আশানুরুপ দর্শক আসছে বলেই জানিয়েছেন ব্লকবাস্টারের ম্যানেজার এ এইচ আহমেদ বি সরকার
মিরপুর সনি হলের ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন বলেন,‘শুক্রবার ৩ টা শোতে হাউজফুল। সন্ধ্যার শো’ও হাউজফুল যাবে মনে হচ্ছে। ঈদের ছবির দর্শক আজ থেকে আসতে শুরু করেছে। মনে রেখো ভালো মানের ছবি। বিশেষ করে তরুণ প্রজন্ম ছবিটি পছন্দ করছেন। এছাড়া অনেকদিন পর মাহির ভালো একটি ছবি দর্শক পাচ্ছে।’
সৈনিক ক্লাবের কর্মচারী আগজর আলী বলেন, ‘এ ছবির দর্শক ভালো। আজ থেকে সেল বাড়ছে। মানুষ আসলে এমন ছবিই দেখতে চায়। চলতি সপ্তাহ ভালো ব্যবসা করবে বলে আমরা ধারণা করেছি। তবে দর্শক দেখলে খারাপ বলছে না। সবার দাবি, মনে রেখো খুব ভালো মানের ছবি।’
‘মনে রেখো’ ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। মাহিয়া মাহি ও বনি সেনগুপ্ত ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, সীমান্ত, জয়ী, তুলিকা, বিশ্বজিৎ প্রমুখ। ছবির গানগুলো দেশের বাইরে মনোরম লোকেশনে শুটিং হয়েছে। গানের কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ।
আপনার মন্তব্য