বিনোদন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:২৮

সালমান শাহকে নিয়ে আগুনের গান

বাংলা চলচ্চিত্রের তারকা সালমান শাহ’র জন্মদিন ১৯ সেপ্টেম্বর। তারই স্মরণে সংগীতশিল্পী ও অভিনেতা আগুন একটি গানে কণ্ঠ দিলেন।

প্রয়াত নায়ক সালমান শাহ’র কন্ঠে সংগীতশিল্পী আগুনের অসংখ্য গান পেয়েছে জনপ্রিয়তা। সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘কেয়ামত থেকে কেয়ামত’ চলচ্চিত্রে একই সঙ্গে ক্যারিয়ার শুরু হয় সালমান শাহ ও আগুনের। ব্যক্তিজীবনেও বন্ধু ছিলেন তারা।

এবার বন্ধুর জন্মদিনে তাকে নিয়েই রচিত একটি গান গাইলেন আগুন। নীহার আহমেদ ও নবাব আমিনের কথায় গানটিতে উঠে এসেছে সালমান অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর নাম।

‘অন্তরে অন্তরে তোমাকে চাই, জীবন সংসারে তোমাকে চাই, প্রেম পিয়াসী আমি স্বপ্নের নায়ক, স্বপ্নের ঠিকানা তুমি যে তাই’- এমন কথায় লেখা বিশেষ এই গানটির সুর করেছেন মুরাদ নূর ও সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু।

গানটি প্রসঙ্গে সংগীতশিল্পী আগুন বলেন, 'আমার আর সালমনের ক্যারিয়ার একই সাথে তৈরি। আমরা ছিলাম একে অপরের পরিপূরক। নিজের দায়বদ্ধতা থেকেই কাজটি করা। শুধু তাঁর অভিনীত সিনেমার নামগুলো দিয়ে মিটার আর গল্প ঠিক রেখে গান বানানো সহজ বিষয় নয়। এখানে গীতিকারদ্বয় বেশ মেধার পরিচয় দিয়েছেন। চমৎকার কথা ও সুরের মেলবন্ধনে গানটি তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি, গানটি সবার ভালো লাগবে। এভাবেই আমাদের অন্তরে বেঁচে থাকুক সালমান শাহ্।'

নূর ক্রিয়েশনস-এর ব্যানারে আসন্ন ১৯ সেপ্টেম্বর সালমান শাহ্'র জন্মদিনে গানটি প্রকাশিত হবে

আপনার মন্তব্য

আলোচিত