রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনের সনি সিনেমা হলের পেছনের নাসিম প্লাজায় অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সনি সিনেমা হলের বিপরীত দিকের বিপণি বিতান নাসিম প্লাজায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ খান জানান, “অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।”
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকর্মীদের ধারণা।
এদিকে, অগ্নিকাণ্ডে দগ্ধ মার্কেটের দুই নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেকে ভর্তি হওয়া দুইজন হলেন- মার্কেটের নিরাপত্তা প্রধান তৌহিদুল ইসলাম (৪২) ও নিরাপত্তাকর্মী কামাল হোসেন (৩৫)।
তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা মাজেবুল নামে আরেক নিরাপত্তাকর্মী জানান, মার্কেটের নিচতলায় অ্যাটকো বাংলাদেশ লিমিটেড নামে একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়।
অ্যাটকো লিমিটেডের মালিকের নাম আনিসুজ্জামান খান। ওই কারখানায় ১৪৩ জন কর্মচারী কাজ করেন বলে জানান মার্কেটের নিচ তলার ফটোকপি দোকানের কর্মী জহির।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার ফরহাদ হোসেন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। প্রায় দু’ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আপনার মন্তব্য