১১ নভেম্বর, ২০২১ ১৫:২১
কুমিল্লা মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিরাগতদের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন গুলিবিদ্ধসহ অন্তত দশজন আহত হয়েছেন বলে জানা গেছে। হাসপাতালে নেওয়ার পর সেখানে শাওন আহমেদ (২৫) একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুপুরের দিকে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মফিজুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরে দুপুর ১টা ১০ মিনিটে এ কেন্দ্রে ফের ভোটগ্রহণ শুরু হয় বলে জানান তিনি।
এদিকে শাওনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসক সালাউদ্দিন মোল্লা জানান, বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাওন উপজেলার বল্লভপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, একদল বহিরাগত ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় পুলিশ বাধা দিলে বহিরাগতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় গুলিতে যশ মিয়া, শাওন আহমেদ ও নাজমুল নামে তিনজন গুলিবিদ্ধ হন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
এদিকে প্রিজাইডিং অফিসার মফিজুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছিলো। হঠাৎ করেই একদল বহিরাগত এসে কেন্দ্রে হামলা চালায়। এ সময় কেন্দ্রের বিভিন্ন কক্ষের জানালার গ্লাস ভেঙে ফেলে তারা। পরে পুলিশ গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আপনার মন্তব্য