সিলেটটুডে ডেস্ক

১৫ নভেম্বর, ২০২১ ১৪:৫৪

শিশুকে হত্যার দা‌য়ে সৎ মায়ের মৃত্যুদণ্ড

খুলনার তেরখাদা উপজেলার আড়কা‌ন্দি গ্রা‌মে তানিশা খাতুন (৫) নামের এক শিশুকে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কুপিয়ে হত্যার দা‌য়ে তার সৎ মা তিথি আক্তার মুক্তাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ নভেম্বর) খুলনার জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা ক‌রেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছি‌লেন।

ফাঁসির দণ্ডাদেশ পাওয়া তিথি আক্তার মুক্তা বাগেরহাটের ফকিরহাট উপজেলার আটটাকি গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল হক জানান, তেরখাদা উপজেলার আড়কা‌ন্দি গ্রা‌মের আনসার সদস্য মো. খাজা শেখের দ্বিতীয় স্ত্রী তিথী আক্তার মুক্তার সঙ্গে থাকতো আগের স্ত্রীর মেয়ে তা‌নিশা। স্বামীর সঙ্গে পারিবা‌রিক কল‌হের জের ধ‌রে চল‌তি বছ‌রের ৬ এপ্রিল রা‌তে শিশু তা‌নিশাকে তার সৎ মা তিথী আক্তার মুক্তা দা দি‌য়ে কু‌পি‌য়ে হত্যা ক‌রেন। ওই সময় তা‌নিশার বাবা বান্দরবানে কর্মস্থলে ছি‌লেন।

এ ঘটনায় পর‌দিন তেরখাদা থানায় তা‌নিশার দাদা মামলা করেন। পরে গ্রেপ্তার করা হলে মুক্তা ১৬৪ ধারায় স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দি দেন। পরে তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) শ‌রিফুল ইসলাম গত ৩১ ‌মে আদাল‌তে চার্জশিট দা‌খিল ক‌রেন। আদালতে মোট ২২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত