সিলেটটুডে ডেস্ক

১৮ নভেম্বর, ২০২১ ১৩:৫০

কৃষক হত্যায় জামায়াত নেতাসহ ৮ জনের আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আলোচিত কৃষক হাসান আলী হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদকসহ ৮ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে গাইবান্ধার সিনিয়র জেলা দায়রা ও জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

বিষয়টি রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) ফারুক আহমেদ প্রিন্স নিশ্চিত করেন।

দণ্ডিতরা হলেন নজরুল ইসলাম লেবু, আব্দুর রউফ, জালাল উদ্দিন, গোলাম মোস্তফা, শাহলম, ফারুক মিয়া, মিজানুর রহমান ও আবু তালেব ওরফে গাওরা। তাদের বাড়ি পলাশবাড়ী উপজেলায়।

মামলার এজাহারে বলা হয়, ১৯৯৯ সালের আগস্ট মাসে পলাশবাড়ী উপজেলার আমবাড়ি গ্রামের একটি কলেজের কমিটিকে কেন্দ্র করে ওই কলেজের অধ্যাপক মো. আব্দুলের সঙ্গে উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম লেবুর বিরোধ দেখা দেয়। পরে এই ঘটনাকে কেন্দ্র করে নজরুলের লোকজন আব্দুলের ওপর হামলা চালায়।

এ সময় পাশের সুইগ্রামের কৃষক হাসান আলী আব্দুলকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও আহত হন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়।

এ ঘটনায় হাসানের বড় ভাই আবুল কাশেম ১০ জনের নামে ও অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার পর নজরুল ইসলামসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।

আইনজীবী ফারুক আহমেদ প্রিন্স বলেন, দীর্ঘ সময় ধরে বিচারিক প্রক্রিয়া চলার পর আদালত আটজনকে আমৃত্যু কারাদণ্ড ও একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও সাত বছর কারাদণ্ড দিয়েছে। এই মামলায় সাতজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত