সিলেটটুডে ডেস্ক

২২ নভেম্বর, ২০২১ ১৫:৫৮

এবার কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা জব্দ করল আপিল বিভাগ

বিচারিক দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মোছা. কামরুন্নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা সিজ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় আদালতে হাজির হন বর্তমানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত এবং ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর সাবেক বিচারক মোছা. কামরুন্নাহার।

সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বর ক্রমিকের মামলায় শুনানি শেষে তার ফৌজদারি বিচারিক ক্ষমতা সিজ করেন আদালত।

এ বিষয়ে পূর্ণাঙ্গ রায় পরবর্তীতে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, বনানী রেইনট্রি হোটেল ধর্ষণ মামলায় গত ১১ নভেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর তৎকালীন বিচারক মোসা. কামরুন্নাহার ৫ আসামিকে খালাস দেন। রায়ে বিচারক ধর্ষণের ৭২ ঘণ্টা পর মামলা গ্রহণ না করার জন্য পুলিশকে সুপারিশ করেন।

এ সুপারিশের তীব্র সমালোচনা করেন আইন বিশেষজ্ঞ ও অধিকারকর্মীরা। তারা বলেছেন, এ রায় আইন ও বিচারের পরিপন্থী এবং ধর্ষকদের অপরাধ করতে উৎসাহিত করবে।

এ ঘটনার পর তাকে বিচারিক দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত