সিলেটটুডে ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০২১ ২০:৩০

‘সুইসাইড নোট’ লিখে গীতিকার রাসেল ও'নীলের মৃত্যু

‘দিন বাড়ি যায়’, ‘মনটা তোমার কেনা’সহ অনেক গানের গীতিকার রাসেল ও’নীল মারা গেছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নাখালপাড়ার নিজ বাসা থেকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ না জানা গেলেও পুলিশের প্রাথমিক ধারণা ছিল এটি আত্মহত্যা।

মরদেহ উদ্ধার করার পর ঘর তল্লাশির সময় একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর তেজগাঁও বিভাগের পুলিশের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল ফারুক।

এডিসি হাফিজ বলেন, ‘তেজগাঁও লিচুবাগান এলাকায় নিজ রুম থেকে ঝুলন্ত অবস্থায় রাসেলের মরদেহ উদ্ধারের সময় তার রুম থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।’

নোটটিতে লেখা, ‘জরুরি- আমার মৃত্যুর জন্য কেহ দায়ী নয়। আমি স্বেচ্ছায় আত্মহনন করলাম। এর সঙ্গে কাওকেই জড়িত করা যাবে না। এবং আমার মরদেহের কোনো পোস্টমর্টেম (ময়না তদন্ত) হবে না। রাসেল ওনিল।’

চিরকুটের নিচে একটি স্বাক্ষরও রয়েছে। পুরো চিরকুটটি লাল কালিতে লেখা।

পরিবারের বরাত দিয়ে হাফিজ আল ফারুক বলেন, ‘করোনার সময়ে দীর্ঘদিন তিনি বেকার ছিলেন। তখন থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। রাসেল পরশু দিন বাসায় আসলে এরপর থেকে তিনি আর রুম থেকে বের হননি। গতকাল (বৃহস্পতিবার) তাকে পরিবারের সদস্যরা ডাক দিলেও গেট খোলেননি।’

পরিবার পুলিশকে জানিয়েছে, করোনার পর থেকে রাসেল বিষণ্ন ছিলেন। অনেক দিন ছিলেন কাজের বাইরে। এর আগে এক মাস রিহ্যাবে (মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে) ছিলেন রাসেল।

আপনার মন্তব্য

আলোচিত