০৬ জানুয়ারি, ২০২২ ২০:০৪
স্বামীর নির্যাতনের শিকার হওয়া ও প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন করে সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের স্ত্রী চিকিৎসক জাহানারা এহসান।
খবর পেয়ে ধানমন্ডি থানার একদল পুলিশ মুরাদ হাসানের বাসায় যায়। তবে পুলিশ যাবার আগেই মুরাদ সেখান থেকে উধাও হয়ে যান।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি থানায় জিডি ডা. মুরাদের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করছেন ধানমন্ডি থানার তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
সাইফুল ইসলাম জানান, ‘আজ বেলা ৩টার দিকে ৯৯৯ থেকে ফোন পেয়ে ওই বাসায় আমাদের একটি টিম পাঠানো হয়। তবে বাসায় গিয়ে আমরা সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান এমপি মুরাদ সাহেবকে পাইনি। মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় জিডি করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
প্রসঙ্গত, বিএনপি নেতা তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফোনে ধষর্ণের হুমকি দেওয়ার অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মুরাদ হাসান। এরপর তাকে আওয়ামী লীগ থেকেও বহিষ্কার করা হয়। বির্তকের মুখে দেশ ত্যাগ করলেও কানাডায় ঢুকতে না পেরে দেশে ফিরে আসেন তিনি। তারপর থেকেই আড়ালে রয়েছেন মুরাদ হাসান।
আপনার মন্তব্য