১২ জানুয়ারি, ২০২২ ১২:২৯
যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের সম্প্রতি প্রকাশিত শক্তিশালী পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ।
তালিকায় দেখা যাচ্ছে, শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১০৩। যৌথভাবে সঙ্গে রয়েছে দুই দেশ লিবিয়া ও কসোভো। এ সব দেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন।
গত বছরের অক্টোবরে এ সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০৮তম। এর আগে গত বছরের জুলাইয়ে ১০৬ ও এপ্রিলে অবস্থান ছিল ১০০তম। এপ্রিলে ভিসা ছাড়া ৪১টি দেশে ভ্রমণ করা যেতো।
কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়াই কতটি দেশে যাওয়া যায়, মূলত তার ওপর ভিত্তি করে এ সূচক তৈরি করা হয়। তিন মাস অন্তর প্রকাশিত এ সূচক অনুসারে বর্তমানে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে জাপান ও সিঙ্গাপুরের। দেশ দুটির নাগরিকেরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারবেন।
শীর্ষ দশ অবস্থানে থাকা বাকি দেশগুলো হলো, জার্মানি ও দক্ষিণ কোরিয়া (১৯০ দেশ), ফিনল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ ও স্পেন (১৮৯), অস্ট্রিয়া, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস ও সুইডেন (১৮৮) ও আয়ারল্যান্ড ও পর্তুগাল (১৮৭), বেলজিয়াম, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র (১৮৬), অস্ট্রেলিয়া, কানাডা, চেক রিপাবলিক, গ্রিস ও মাল্টা (১৮৫), পোল্যান্ড ও হাঙ্গেরি (১৮৩), লিথুনিয়া ও স্লোভাকিয়া (১৮২) এবং এস্টোনিয়া, লাটভিয়া ও স্লোভেনিয়া (১৮১)।
এ দিকে পাসপোর্ট সূচকে দক্ষিণ এশিয়ার দুটি দেশ বাংলাদেশের পেছনে অবস্থান করছে, পাকিস্তান ১০৮তম ও নেপাল ১০৫তম। আর এই অঞ্চলে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, ৫৮তম। দেশটির পাসপোর্টধারীরা আগামী ভিসা ছাড়া ৮৮টি দেশে ভ্রমণ করতে পারেন। এ ছাড়া সাত ধাপ এগিয়ে ৮৩তম অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটির পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া ৬০টি দেশে যাওয়া যায়।
তালিকার একদম শেষে ১১১তম অবস্থানে রয়েছে আফগানিস্তান, আগাম ভিসা ছাড়া এ দেশের পাসপোর্ট নিয়ে ২৬টি দেশে পাওয়া যায়। এর ওপর থেকে নয়টি অবস্থান হলো— ইরাক (২৮), সিরিয়া (২৯), পাকিস্তান (৩১), ইয়েমেন (৩৩), সোমালিয়া (৩৪), নেপাল ও ফিলিস্তিন (৩৭) এবং দক্ষিণ কোরিয়া (৩৯)।
আপনার মন্তব্য