সিলেটটুডে ডেস্ক

২৪ জানুয়ারি, ২০২২ ১২:১৬

অরক্ষিত রেল ক্রসিংয়ে করিমনে ট্রেনের ধাক্কা, নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর এলাকায় একটি অরক্ষিত রেল ক্রসিংয়ে করিমনে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে একটি লোকাল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে ঈশ্বরদী যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে বলে স্টেশন মাস্টার শহীদুল আলম জানান।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ভুতপুকুর মহল্লার মৃত গরীবুল্লাহর ছেলে ফুলচান (৫৫), আলীনগর মহল্লার রইস উদ্দিনের ছেলে সেহের আলী (৪৪) ও সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা কেন্দুল গ্রামের মানিক চাঁদের ছেলে নাইমুল ইসলাম (৩৫)। তারা সবাই পেশায় মাছ ব্যবসায়ী।

নিহতের বিষয়টি নিশ্চিত করে ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে  সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, সকালে মাছ বিক্রি করে করিমন যোগে বাড়ি ফেরার পথে হাজির মোড় এলাকায় রেল লাইনে করিমনটি আটকা পড়ে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে আসা ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনে কাটা পড়ে তিন জন মারা যান।

হাজির মোড়ে রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান না থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আপনার মন্তব্য

আলোচিত