সিলেটটুড ডেস্ক:

২৮ জানুয়ারি, ২০২২ ২১:৩১

কিছু মন্ত্রী ও পুলিশ কিবরিয়া হত্যার তদন্ত ব্যাহত করছে: রেজা কিবরিয়া

ফাইল ছবি

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার তদন্ত সরকার ব্যাহত করছে বলে অভিযোগ করেছেন তার ছেলে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

তিনি বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কিছু মন্ত্রী এবং পুলিশের কতিপয় লোক তদন্ত ব্যাহত করছেন।

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য শাহ এএমএস কিবরিয়ার সপ্তদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে মানববন্ধনে রেজা কিবরিয়া এসব কথা বলেন।

'কিবরিয়া পরিবারের' ব্যানারে আয়োজিত মানববন্ধনে পরিবারের সদস্য ছাড়াও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।

গণঅধিকার পরিষদ ক্ষমতায় গেলে সব হত্যা ও গুমের বিচার হবে মন্তব্য করে রেজা কিবরিয়া বলেন, তার বাবার হত্যার তদন্তে অনেককেই আগাতে না করা হয়েছে। কিছুটা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তদন্তকারীদের কাজ করতে দেওয়া হয়নি। যারা তদন্ত করতে দেয়নি তাদেরও বিচারের আওতায় আনা হবে। পুলিশ, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা তদন্ত আটকাচ্ছেন এবং সীমিত রাখছেন, তাদের একদিন বিচারের আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন, গণঅধিকার পরিষদ ক্ষমতায় গেলে কোনো অপরাধের বিচার চাওয়ার জন্য রাস্তায় দাঁড়াতে হবে না। সরকারি কোনো হত্যাকাণ্ডের শিকার কেউ হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিবরিয়া হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত থাকতে পারে। সঠিক তদন্ত হলে এটা বোঝা যাবে। তদন্তের পর মোট তিনটি চার্জশিট দেওয়া হয়েছে। একটার সঙ্গে অপরটার কোনো মিল নেই। তিনটি চার্জশিটই সঠিক দাবি করে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারা কোনোটাই মেনে নেননি। দ্বিতীয় চার্জশিট এনে তার মাকে ধমকা-ধমকি করেছেন মজিদ খান নামে একজন সংসদ সদস্য। তিনি এই হত্যা মামলার বাদী ছিলেন। মানববন্ধনে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, কেন্দ্রীয় নেতা ফারুক হোসেন প্রমুখ।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিবরিয়ার নির্বাচনী এলাকা হবিগঞ্জের নবীগঞ্জ ও বাহুবলে বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত