সিলেটটুড ডেস্ক:

২৮ জানুয়ারি, ২০২২ ২১:৩৯

তিন ক্যাটাগরিতে দৃকের ‘প্রেস ফটো কনটেষ্ট’

আলোকচিত্র সাংবাদিকদের জন্য তিনটি ক্যাটাগরিতে আলোকচিত্র প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে দৃক পিকচার লাইব্রেরী। তিনটি ক্যাটাগরিতে প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকছে চারটি আকর্ষণীয় অর্থ পুরস্কার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দৃক জানায়, আলোকচিত্র সাংবাদিকদের কাজের মূল্যায়ন করতে চায় তারা, ‘গণমাধ্যমে মুদ্রিত আলোকচিত্র খবরের সবচেয়ে বিশ্বস্ত উৎস হিসেবে বেঁচে আছে। একই সাথে প্রেস আলোকচিত্রীর পেশা পরিণত হয়েছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পেশাগুলোর একটি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশী আলোকচিত্রীরা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন। কিন্তু তাদের যৌথ প্রতিভার আনুষ্ঠানিক স্বীকৃতি কিংবা জাতির প্রতি তাদের অবদানের বিশেষ কোনো মূল্যায়ন আজ পর্যন্ত হয়নি।’

এই প্রতিযোগিতায় একজন আলোচকচিত্রি তিন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫টি করে ছবি জমা দিতে পারবেন। ছবি জমা দিতে হবে দৃকের ওয়েবসাইটে ( https://drik.net/submissionlink.html )। তিনটি ক্যাটাগরির মধ্যে আছে জনমুখী সাংবাদিকতা, রাজনীতি এবং শিল্প, সংস্কৃতি ও ক্রীড়া।। প্রতিটি ক্যাটাগরির বিজয়ীর জন্য থাকছে ৫০ হাজার টাকা। এছাড়া একজন বর্ষসেরা আলোচকচিত্র সাংবাদিকও খুঁজে নেওয়া হবে। বর্ষসেরা আলোচিত্র সাংবাদিকের জন্য থাকছে ১ লাখ টাকা পুরস্কার।

প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন এডুকেটর, এডিটর আবির আব্দুল্লাহ, বার্তা সংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম, দৃকের কিউরেটর, অ্যাক্টিভিস্ট ও বিখ্যাত ফটোগ্রাফার শহিদুল আলম, ঢাকা ট্রিভিউনের প্রধান আলোকচিত্রী সৈয়দ জাকির হোসেন এবং  ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি'র এডিটর সানা উল্লাহ।

অংশ নিতে ইচ্ছুক আলোকচিত্রীদের আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ উল্লেখিত ওয়েবসাইটে জমা দিতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত