৩০ জানুয়ারি, ২০২২ ১২:৫৩
দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের দেওয়া হলেও এতদিন স্কুল থেকে ঝরে পড়া কিংবা কোনও কারণে স্কুলে না যাওয়া কিশোর-কিশোরীদের করোনাভাইরাসের টিকা নেওয়ার সুযোগ ছিল না। তবে এখন থেকে এই বয়সী সকলের জন্যই টিকা উন্মুক্ত করে দিয়েছে সরকার।
রোববার (৩০ জানুয়ারি) রাজধানীর মহাখালী বিসিপিএস প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এতদিন ১২ বছরের ঊর্ধ্বে শুধু স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছিল। এখন এটা ওপেন করে দেওয়া হলো।’
এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই বয়সী সবারইতো স্কুলে যাওয়ার কথা। তারপরও আমরা চিন্তা করলাম, অনেকেই হয়তো আসে না বা কাজকর্মে থাকে; সেজন্য বিভিন্ন যায়গায় যারা আছেন, ১২ বছরে ঊর্ধ্বে হলেই সবাইকে টিকা দেওয়া হবে। বাংলাদেশের নাগরিক হলেই তিনি টিকা পাবেন।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার বুস্টার ডোজের জন্য আগে বয়সসীমা ছিল ৫০ বছর। আজ থেকে তা কমিয়ে ৪০ বছর করা হলো। ১২ বছর ও তার বেশি বয়সী শিশুদেরও টিকা দেওয়া হবে। যারা স্কুলে যায় না, তারা জন্মসনদ নিয়ে এলে টিকা পাবে, না নিয়ে এলেও পাবে।’
প্রসঙ্গত, গেল বছর নভেম্বরের প্রথম দিন থেকে দেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়। এরই মধ্যে ১ কোটি ৩৮ লাখেরও বেশি স্কুল শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেয়েছে।
আপনার মন্তব্য