০৮ ফেব্রুয়ারি , ২০২২ ১৩:০২
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েও বিভিন্ন অভিযোগের কারণে আপিল বোর্ডের সিদ্ধান্তে প্রার্থিতা হারিয়েছিলেন জায়েদ খান। অধিকার আদায়ে এ অভিনেতা যেন লড়াকু সৈনিক। দ্বারস্থ হয়েছে আদালতের।
পরে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত (জায়েদ খানের প্রার্থিতা বাতিল) এবং চিত্রনায়িকা নিপুণের সাধারণ সম্পাদক পদ স্থগিত করেছেন হাইকোর্ট। এবার আদালত প্রাঙ্গণে জায়েদ বললেন, নিপুণের উচিত আমি জায়েদ খানের গলায় জয়ের মালা পরিয়ে দেওয়া। দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
জায়েদ খান বলেন, “তিনি নির্বাচিত নন। তাকে সাধারণ সম্পাদক বলা ঠিক নয়। তিনি ভোটে হেরেছেন। হার–জিত থাকতেই পারে। তিনি চাইলে আমরা একসঙ্গে শিল্পীদের জন্য কাজ করতে পারতাম। শিল্পীদের স্বার্থে এখনও সেই পথ খোলা আছে। তার প্রমাণ করা শিল্পীদের মধ্যে কোনো বিভেদ নেই। শিল্পীদের স্বার্থে আমরা এক।”
নির্বাচনের পরবর্তী সময় নিয়ে তিনি বলেন, “এটি আমার জীবনের একটা ভয়ংকর অধ্যায়। কারণ, শিল্পীরা শিল্পীর বিরুদ্ধে এমনভাবে লাগতে পারে কোনো দিন ধারণাই করিনি। যেখানে আমাকে শিল্পী সমিতির চেয়ারে বসে সেবা করার কথা, সেখানে আমার খাওয়া নেই, ঘুম নেই অধিকারের জন্য আদালতে দৌড়াচ্ছি। প্রতিটি মুহূর্তে আমাকে নিয়ে চক্রান্ত হচ্ছে।”
বর্তমানে সিদ্ধান্ত কী এমন প্রশ্নের উত্তরে এ অভিনেতা বলেন, “আমি তো ভোটে জয়ী ছিলাম। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত। এখন সংগঠনের নিয়ম মোতাবেক আমি আমার চেয়ারে বসব। সবাইকে নিয়ে কাজ করব। যারা ভোট দিয়েছেন, যারা দেননি, সেটা মুখ্য কিছু নয়—সবাইকে নিয়ে কাজ করে সমিতিকে এগিয়ে নিয়ে যাব। এটাই আমার সত্যের বিজয়।”
আপনার মন্তব্য