১৬ ফেব্রুয়ারি , ২০২২ ১৪:৩৩
আশুলিয়ায় পোশাক কারখানার কর্মী মো. তানিমকে হত্যার ঘটনায় চারজনের ফাঁসির রায় দিয়েছে আদালত।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমত আরা আসামিদের উপস্থিতিতে বুধবার এ রায় ঘোষণা করেন।
পাঁচ বছর আগের ওই হত্যাকাণ্ডে দণ্ডিতরা হলেন তানিমের সহকর্মী সোহেল রানা, ফরহাদ হোসেন, মো. আশিকুর রহমান ও মো. নজরুল ইসলাম।
হত্যার দায়ে সর্বোচ্চ সাজার পাশাপাশি ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের।
এ ছাড়া অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে আরেক ধারায় সবাইকে আরও পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
২০১৭ সনের ২২ জুলাই সকালে নিখোঁজ হন তানিম। তিন দিন পর খাগান গ্রামের জঙ্গলে তার লাশ পায় পুলিশ। প্রথমে বেওয়ারিশ লাশ হিসেবে পুলিশ সেটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। থানায় একটি অপমৃত্যু মামলাও হয়।
এ দিকে তানিমকে খুঁজে না পেয়ে তার স্ত্রী নূরুন্নাহার ১০ আগস্ট কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে সোহেলের বিরুদ্ধে মামলা করেন তানিমের মা সাইদা সুলতানা। সেখানে ‘মুক্তিপণের জন্য অপহরণের’ অভিযোগ আনা হয়। আদালত সেটি এজাহার হিসাবে গণ্য করার জন্য আশুলিয়া থানাকে নির্দেশ দেয়।
এ মামলায় গ্রেপ্তার হওয়ার পর সোহেল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে তিনি তানিমকে হত্যার কারণ এবং হত্যাকাণ্ডে অংশ নেওয়া অন্যদের নাম বলে দেন।
পুলিশ তদন্ত প্রতিবেদন দেওয়ার পর ২০১৮ সালের ৫ নভেম্বর চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
আপনার মন্তব্য