১৮ ফেব্রুয়ারি , ২০২২ ১৯:৪১
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদ।
বৃহস্পতিবার তাকে এ পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপনে বিজিবির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। আগামী ২ মার্চ চাকরি থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন তিনি।
মেজর জেনারেল সাকিল আহমেদ এর আগে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সেনাবাহিনীতে ৩৩ বছরের ক্যারিয়ারে ৯৯তম কম্পোজিট ব্রিগেডের কমান্ডার এবং প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসারের দায়িত্বও সামলে এসেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক এই পরিচালক।
১৯৬৮ সালের ১৯ ডিসেম্বর জন্ম নেওয়া সাকিল আহমেদ ১৯৮৮ সালে বিএমএর অষ্টাদশ লং কোর্সের ক্যাডেট হিসেবে সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পান। পূর্বসূরি সাফিনুলের মত তিনিও জয়পুরহাটের সন্তান।
সাকিল আহমেদ সোমালিয়া, কঙ্গো ও আইভরি কোস্টে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তিনি সেনাবাহিনীর স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস, বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি এবং ন্যাশনাল ডিফেন্স কলেজেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
জাতীয় নিরাপত্তা, সমরবিদ্যা, প্রতিরক্ষার মত বিষয়ে দেশ-বিদেশ থেকে একাধিক মাস্টার্স ডিগ্রি করা এই দুই তারকা জেনারেল গলফ খেলাতেও সুনাম কুড়িয়েছেন।
বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট এবং কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন তিনি।
বিশ্বের বিভিন্ন দেশ সফর করা সাকিলের স্ত্রীর নাম ড. শাহনাজ সাকিল। এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাদের।
আপনার মন্তব্য