২৬ ফেব্রুয়ারি , ২০২২ ২২:১০
দেশের সব রাজনৈতিক দল নিয়ে একটি সম্মানজনক ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চান নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলছেন, যদি সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি তবে হয়ত সফলতার সুখ কিছুটা ভোগ করতে পারব, নতুবা মনোবেদনা থাকবে।
শনিবার রাতে এক প্রশ্নে কাজী হাবিবুল আউয়াল বলেন, এখনও খুব নির্ভরযোগ্যভাবে বলতে পারব না লক্ষ্যটা কী। তবে লক্ষ্য তো জানেনই সংবিধান ও আইন যে দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব পালন করাটাই হচ্ছে লক্ষ্য।
তিনি বলেন, নির্বাচনটা যদি অংশগ্রহণমূলক হয়। মানুষের যদি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে, তাহলে আমরা সবাই আনন্দিত হব। সে জন্য আমার পুরোপুরি চেষ্টা থাকবে। আশা করি আাগামী নির্বাচন অংশগ্রহণ মূলক হবে। সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করে যাব।
গত দুটি নির্বাচন কমিশনের আমলে ভোটগ্রহণ নিয়ে নানা বিতর্ক রয়েছে। সেই বিতর্ক নিরসণে নতুন নির্বাচন কমিশনের ভূমিকা কী থাকবে, এই প্রশ্নে সিইসি বলেন, এখন সেটা বলতে পারব না, শপথ নেওয়ার পর সহকর্মীদের সঙ্গে বসব। সহকর্মীদের মতামত নেব। তাদের সঙ্গে কথা বলে চেষ্টা করব আমাদের একটা কর্মপদ্ধতি নির্ধারণ করার। এবং সেই মতে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তখন আপনাদের সঙ্গেও আলোচনা হবে, আপনাদের সহযোগিতাও লাগবে।
শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সুপারিশে সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়।
অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান এতে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।
আপনার মন্তব্য