সিলেটটুডে ডেস্ক:

২৬ ফেব্রুয়ারি , ২০২২ ২২:২৫

‘সব রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে কমিশন পরিচালনার চেষ্টা করা হবে’

নির্বাচন নিয়ে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করা হবে এবং অতীতের নির্বাচন কমিশনের (ইসি) ভুলের পুনরাবৃত্তি হবে না বলে জানিয়েছেন নবনিযুক্ত নির্বাচন কমিশনার মো. আলমগীর।

শনিবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। নতুন ইসি বলেন, সব রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে কমিশন পরিচালনার চেষ্টা করা হবে। ইসির কর্মকাণ্ড যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়, সেদিকে আমরা সতর্ক থাকব।

বিরোধী দল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল ইসি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেয়নি, তাহলে তারা কীভাবে দায়িত্ব পালন করবেন, জানতে চাইলে ১৯৮৬ ব্যাচের আমলা মো. আলমগীর বলেন, আমরা কমিশন মিটিংয়ে বসব, সবাই তাদের মতামত দেবেন। অবশ্যই আমরা সব রাজনৈতিক দলকে আস্থায় নিয়ে কাজ করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, কমিশন সচিবালয়ে কাজ করার সময় আমি নির্বাচন কমিশনের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পেয়েছি।

শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সুপারিশে সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়।

অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান এতে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত