০৫ মার্চ, ২০২২ ১৫:০৯
কক্সবাজারের পেকুয়ায় পাহাড়ি জমির গাছ কাটাকে কেন্দ্র করে অলি আহমদ (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়য় এলাকায় এ ঘটনা ঘটে।
অলি আহমদ উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুন বাগিচা-জারুলবুনিয়া এলাকার শেখ আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার বাদশা মিয়ার ছেলে আব্দুল মজিদের সঙ্গে অলি আহমেদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। আব্দুল মজিদ বিভিন্ন সময় অলির দখলীয় গাছের বাগান জবরদখল করতে ষড়যন্ত্র চালাচ্ছিলেন। নানা সময় হত্যারও হুমকিও দেন।
এরই জেরে সকালে অলি আহমেদ তার বাগানে গাছ কাটতে গেলে আব্দুল মজিদ ও তার ভাই আব্দুল গণি, আব্দুস সালাম ও স্ত্রী ফাতেমা বেগমসহ ৫-৬ জনের সংঘবদ্ধ একটি দল অলি আহমেদকে ধারালো দা-কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, অলি আহমেদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে অনেক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
আপনার মন্তব্য