সিলেটটুডে ডেস্ক

০২ জুন, ২০২২ ০০:০৪

১‌৫ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির একটি ভবনের ছাদ থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ছাত্রীর নাম জায়না হাবিব প্রাপ্তি। বুধবার বিকেল ৫টার দিকে ১৬ নম্বর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহীদুজ্জামান বলেন, ‘প্রাপ্তি ১৬ নম্বর বিল্ডিংয়ের ১০২ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা প্রকৌশলী। বিকেল ৫টার দিকে ১৬ নম্বর বিল্ডিয়ের ১৫ তলার ছাদ থেকে পড়ে যায় সে। তখন বৃষ্টি হচ্ছিল। তবে সে আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে ধাক্কা দিয়েছে, তা তদন্ত করে জানানো হবে।’

তিনি বলেন, ‘ওই ছাদে কোমর-সমান বেষ্টনী রয়েছে। কীভাবে ওই ছাত্রী নিচে পড়েছে তা আমরা তদন্ত করছি।’

নিহতের বাবার নাম হাবিবুল আজিজ। তিনি স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী। তাদের গ্রামের বাড়ি নোয়াখালী সদরে।

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মুজিব আহমেদ পাটোয়ারি বলেন, ‘নিহত শিক্ষার্থী ছাদ থেকে লাফিয়ে নিচে পড়েছেন। যা ওই ভবনের সিসিটিভি ফুটেজ ধরা পড়েছে।

‘ফুটেজে দেখা গেছে, তিনি একাই ছাদে উঠেন। ছাদে ওঠার পর বৃষ্টির মধ্যে কিছু সময় হাঁটাহাঁটি করেন। এক পর্যায়ে তার সঙ্গে থাকা মোবাইল ও একটি চিরকুট ছাদের একপাশে রেখে নিচে লাফ দেন।’

পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘নিহত শিক্ষার্থী মানসিকভাবে বিষাদগ্রস্ত ছিলেন বলে চিরকুট থেকে জানতে পেরেছে পুলিশ। ঘটনাস্থলে থাকা ফুটেজ দেখে আত্মহত্যাজনিত মৃত্যু বলছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের হেফাজতে দেয়া হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত