দিরাই প্রতিনিধি

২৪ অক্টোবর, ২০২৬ ০০:১৫

দিরাইয়ে সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাংবাদিক এম এ মোতালেবের ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের দিরাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন থেকে সাংবাদিক হত্যা ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় দিরাই পৌর শহরের থানা পয়েন্টে দিরাই প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহা। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক সালমান মিয়া।

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আবুল ফজল আকাশ, দপ্তর সম্পাদক উমেদ আলী, তথ্য ও প্রকাশনা সম্পাদক মুক্তার হোসেন এবং সদস্য আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য অশোক তালুকদার ও জুবের সরদার দিগন্ত, দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজু চৌধুরী, এনসিপির উপজেলা আহ্বায়ক আতাহার আলী, ভরারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইকবাল আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, সাংবাদিকেরা সমাজের অসংগতি, অনিয়ম ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। সত্য অনুসন্ধান ও সংবাদ প্রকাশ করতে গিয়ে তাঁদের হত্যা কিংবা হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনা এবং সাংবাদিক এম এ মোতালেবের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

তাঁরা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে হত্যা, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের অপরাধের বিচার নিশ্চিত না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। ফলে সাধারণ মানুষের কাছে প্রকৃত তথ্য পৌঁছে দেওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে সংবাদকর্মীদের দায়িত্ব পালন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিক হত্যা ও হামলার প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে এসব ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলা চালানোর সাহস না পায়।

মানববন্ধন থেকে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার বিচার এবং এম এ মোতালেবের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানানো হয়। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।

আপনার মন্তব্য

আলোচিত