২৩ জুলাই, ২০২২ ১২:১৩
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বাইপাস এলাকায় রেলসেতুতে হাঁটার সময় চলন্ত ট্রেনের নিচে পড়ে যান এক কিশোরী। তবে, ট্রেনটি ওই কিশোরীর ওপর দিয়ে চলে গেলেও তার গায়ে কোনো আঘাত লাগেনি।
শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে বাইপাস সংলগ্ন সেতুতে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই নারীর নাম লিজা আক্তার (১৯)। তিনি আখাউড়া উপজেলার বাইপাস এলাকার জুনায়েদ গাজীর স্ত্রী।
ভিডিওটি ধারণকারী প্রত্যক্ষদর্শী মো. আমজাদ ভূঁইয়া জানান, লিজা ও তার স্বামীসহ তিনজন তিতাস ব্রিজের ওপর দিয়ে হাঁটছিলেন এবং নিজেদের ছবি তুলছিলেন। এমন সময় একটি ট্রেন আসে। লিজার স্বামী ও অন্য এক নারী সরে আসতে পারলেও লিজা হোঁচট খেয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া নোয়াখালীগামী “উপকূল এক্সপ্রেস” ট্রেনটির নিচে পড়ে যান।
লিজা আক্তারের স্বামী জুনায়েদ গাজী বলেন, “লিজা হোঁচট খেয়ে রেললাইনের ওপর পড়ে যায়। তখন তার ওপর দিয়ে ট্রেনটি চলে যায়। কিন্তু, অবাক করা ব্যাপার হলো আমার স্ত্রী বেঁচে যান।”
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ইকরাম বলেন, “ওই নারীর শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে গেছেন।”
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, ঘটনাটি তারা অবগত আছেন।
আপনার মন্তব্য