সিলেটটুডে ডস্ক

১৯ আগস্ট, ২০২২ ১৭:১৬

মোমেনের বক্তব্যে কাদেরের বিস্ময়

শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করার যে কথা পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, তা শুনে আকাশ থেকে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এই ধরনের অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকেও কাউকে দায়িত্ব দেয়া হয়নি।’

চট্টগ্রামে পররাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্য তুমুল আলোচনা তৈরি করার মধ্যে শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পলাশীর মোড়ে জন্মাষ্টমী মিছিল উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘ভারত আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ। ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। কিন্তু তাই বলে ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে অনুরোধ করব! এই ধরনের অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকেও কাউকে দায়িত্ব দেয়া হয়নি।’

আগের দিন চট্টগ্রামে জন্মাষ্ঠমীর অনুষ্ঠানে যোগ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে। শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’

তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গণে আলোড়ন তৈরি করেছে। এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে আক্রমণ এসেছে যে, সরকার টিকে থাকার জন্য বিদেশের দ্বারস্থ হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী অবশ্য দাবি করেছেন, তার বক্তব্য সংবাদমাধ্যমে ভুলভাবে এসেছে। ইচ্ছে করেই রং মেখে বক্তব্য প্রচার করা হয়েছে- এমন অভিযোগও এনেছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সমস্ত ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। বাইরের কেউ আমাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। আল্লাহর ইচ্ছা এবং জনগণের সমর্থনে আওয়ামী লীগ টিকে আছে। ভবিষ্যতেও টিকে থাকবে ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘যিনি এ কথা বলেছেন সেটি তার ব্যক্তিগত অভিমত হতে পারে। এটি আমাদের সরকারেরও বক্তব্য না, দলেরও বক্তব্য না। এই বক্তব্যের কারণে ভারতও লজ্জা পাবে।’

বিস্ময় প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘কীভাবে আমরা এই কথা বলি! বন্ধু বন্ধু আছে। অহেতুক কথা বলে এটি নষ্ট করবেন না। শান্তিপূর্ণভাবে সিট মহল বিনিময় বাংলাদেশ, ভারত এবং দুনিয়ায় ইতিহাসে বিরল ঘটনা। প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদী সেটি করেছেন।’

আপনার মন্তব্য

আলোচিত