২০ আগস্ট, ২০২২ ১৫:১২
বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কাউকে কোনো দায়িত্ব দেয়া হয়নি। যে পৃথিবীর কোনো দেশ থেকে সাহায্য নিতে। যদি পররাষ্ট্রমন্ত্রী কিছু বলে থাকলে সেটা তার বিষয়। এটা কোনো ভাবে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বক্তব্য না।
শনিবার (২০ আগস্ট) দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও জয়বাংলা পরিষদের পক্ষ থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ হচ্ছে স্বদেশ নির্ভর দেশ। আওয়ামী লীগ মাটি ও মানুষে বিশ্বাস করে। আওয়ামী লীগের শক্তি এবং ক্ষমতা এদেশের মানুষ। আওয়ামী লীগের ভিত্তি বাংলাদেশ।
বিএনপির উদ্দেশ্যে শ.ম রেজাউল করিম বলেন, যারা বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা চান তারা বিভিন্ন সময়ে আমেরিকাসহ অন্যান্য দেশ ও বিশ্ব ব্যাংকে ধরনা দিয়েছেন। তারা মূলত নালিশি পার্টি।
এর আগে মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ নিহত সকল শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক আব্দুন নূর দুলাল, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যৈষ্ঠ সহ-সভাপতি রুহুল আমিন, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ জয় বাংলা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য