২৩ আগস্ট, ২০২২ ১১:৩৯
পঞ্চগড় শহরের একটি কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে ২১২ বস্তা চা পাতা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শহরের মিঠাপুকুর এলাকায় সোমবার রাতে সওদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের অফিস থেকে এসব চা জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বলেন, ‘চা জব্দের পর কাস্টমস কর্তৃপক্ষ কুরিয়ার সার্ভিসের গোডাউনে সিলগালা করে রেখেছে।’
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় এসব চা পাতা জব্দ করা হয়। একই সঙ্গে কুরিয়ারের গোডাউনটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে। ’
ওসি জানান, বেশ কিছুদিন ধরেই রাজস্ব ফাঁকি দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চায়ের কালোবাজারিদের ধরতে মাঠে কাজ করছিল জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা।
সোমবার সন্ধ্যায় গোয়েন্দারা ওই কুরিয়ার সার্ভিসের ভেতরে বিপুল পরিমাণ চা দেখতে পান। প্রতিটি বস্তায় ৫০ কেজি করে চায়ের লিকার রয়েছে। খবর পেয়ে ইউএনও মাসুদুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চায়ের বস্তা ও একটি পিকআপ ভ্যান জব্দ করে কাস্টমসের কাছে হস্তান্তর করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পঞ্চগড় চা বোর্ডের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আল মামুন, পঞ্চগড় কাস্টমসের সুপারিন্টেডেন্ট আবু সরোয়ারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য