সিলেটটুডে ডেস্ক

২৪ আগস্ট, ২০২২ ১৫:০৩

চা শ্রমিকদের আন্দোলনে বিএনপির সংহতি

মজুরি বাড়ানোর দাবিতে চা শ্রমিকদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, চা শ্রমিকদের ন্যায্য দাবি সরকার কানে তুলছেন না। ক্ষমতাসীন দলের নেতারা দুর্নীতি লুটপাট করতে পারলেও চা শ্রমিকদের দাবি পূরণ হয় না। জনগণের সম্মিলিত চাপ, প্রতিরোধ ছাড়া এই পরিস্থিতি থেকে নিস্তার পাওয়া যাবে না।

বুধবার (২৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, একজন চা শ্রমিক ১২০ টাকা পায় নিত্যদিন। কিন্তু দ্রব্যমূলের উর্ধ্বগতিতে তাদের নাভিশ্বাস। ভয়ংকর নৈরাজ্যের মধ্যে তাদের এ বেতন কিছুই না। সবকিছু লুটেপুটে খাচ্ছে ক্ষমতাসীনরা। জনগণের সম্মিলিত চাপ ও আন্দোলন ছাড়া দাবি আদায় হবে না। চা শ্রমিকদের দাবি ন্যায্য।

আগামী নির্বাচনে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে দেড়শ আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন উল্লেখ করে তিনি বলেন, এই কমিশন সরকারের আজ্ঞাবহ তা প্রমাণ হয়েছে এই সিদ্ধান্তে। প্রধানমন্ত্রীর অবৈধ নির্দেশনা পালন করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

বিএনপির এ নেতা বলেন, সরকারের অপশাসনে দেশে অন্ধকার নেমে এসেছে। এই সরকার বিদেশের তাঁবেদার। জনগণের ওপর ভিত্তি নেই বলেই অন্য দেশের কাছে ভিত্তি তৈরি করার চেষ্টা করছে দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে।

পররাষ্ট্রমন্ত্রী বেহেশতে থাকা নিয়ে সত্য বলছেন উল্লেখ করে রিজভী বলেন, এই সরকার যে নতজানু সরকার তা প্রমাণ করছেন ক্ষমতাসীন দলের নেতারা।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ নয়, বরং মিথ্যার চেতনায় বিশ্বাস করে আওয়ামী লীগ।

উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে গত ৯ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। ১৩ আগস্ট থেকে শুরু হয় অনির্দিষ্টকালের ধর্মঘট। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাসে সোমবার (২২ আগস্ট) দুপুরে শ্রমিকদের একাংশ আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরেন। আরেক অংশ এখনো আন্দোলন অব্যাহত রেখেছেন।

আপনার মন্তব্য

আলোচিত