১৭ সেপ্টেম্বর, ২০২২ ১৫:২৯
শনিবার পশ্চিম নেপালে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৪ জন নিহত এবং সাতজন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধারকর্মীরা আরও ১০ নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রেখেছে। খবর রয়টার্সের।
পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকির বরাতে রয়টার্স জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৪৫০ কিলোমিটার পশ্চিমে আছাম জেলায় মাটির নিচে চাপা পাঁচটি বাড়ির পলি-ঢাকা ধ্বংসাবশেষ থেকে উদ্ধারকারীরা মৃত ও আহতদের টেনে এনেছে।
আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নেপালের পার্বত্য অঞ্চলে আকস্মিক বন্যা এবং ভূমিধস প্রায়ই ঘটে। বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বার্ষিক বর্ষার সময় বেশি ঘটে।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত আকস্মিক বন্যা ও ভূমিধসে সারাদেশে অন্তত ৪৮ জন নিহত এবং ১২ জন নিখোঁজ হয়েছেন।
আপনার মন্তব্য