সিলেটটুডে ডেস্ক

০৯ অক্টোবর, ২০২২ ১২:৫৫

মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৫

নারায়ণগঞ্জের কাঁচপুরে মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চার জনকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ কাঁচপুর সেতু এলাকার অটোরিকশাচালক মো. হানিফ (২৫), যাত্রী মামুন মিয়া (৩০), নুরুউদ্দিন (৪২), জামাল হোসেন (৪২) ও অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ৫টি মর্গে রাখা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন বলেন, মাইক্রোবাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। পরে নূরুউদ্দিনের মৃত্যু হয় স্থানীয় একটি হাসপাতালে। আর বাকিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

নিহত মামুনের ছোট ভাই নাইমুল ইসলাম সুমন জানান, তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জ আদমজী এলাকায় থাকেন মামুন। স্থানীয় একটি গার্মেন্টসের লাইন চিফ হিসেবে কর্মরত ছিলেন। সকালে মামুন একাই তার বাসা থেকে কাঁচপুরে ছোট ভাইয়ের বাসায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা শিকার হয়ে মারা যান।

আপনার মন্তব্য

আলোচিত