১০ অক্টোবর, ২০২২ ০২:২৭
একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
রোববার বিকেল বেলা ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, চিত্রশিল্পী সমরজিৎ রায় হৃদরোগ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। ৫ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ১২ সেপ্টেম্বর তাকে বাসায় নিয়ে আসা হয়। শারীরিক অবস্থার অবনতির কারণে ১৫ সেপ্টেম্বর তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। রোববার তিনি হাসপাতালেই মারা যান।
সমরজিৎ রায় চৌধুরীর জন্ম ১৯৩৭ সালে। তিনি ১৯৬০ সালে ঢাকার তৎকালীন চারু ও কারুকলা কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে যোগ দেন এবং সেখানে ৪৩ বছর চাকরিজীবন শেষে অধ্যাপক হিসেবে ২০০৩ সালে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির চারুকলা ও প্রদর্শন কলা বিভাগে ডিন হিসেবে যোগ দেন। সেখানে ২০১০ সাল পর্যন্ত কর্মরত ছিলেন তিনি। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুপারনিউমারেরি অধ্যাপক হিসেবে যোগ দেন।
সমরজিৎ রায় চৌধুরী গ্রাফিক ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করলেও প্রথম থেকেই সৃজনশীল সুকুমার শিল্পচর্চা করেছেন এবং নিরীক্ষাধর্মী শিল্পচর্চার সঙ্গে জড়িত ছিলেন।
চিত্রকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।
আপনার মন্তব্য