সিলেটটুডে ডেস্ক

১৭ অক্টোবর, ২০২২ ১৩:০৭

বিশ্বজিৎ হত্যা: এক দশক পর যাবজ্জীবনপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১০ বছর পালিয়ে থেকে অবশেষে ধরা পড়লেন আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোশাররফ হোসেন ওরফে আব্দুল্লাহ (৩৪)। রোববার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

সোমবার র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক ঢাকাটাইমসকে বিষয়টি নিশ্চিত করেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান এএসপি মো. ফজলুল হক।

ফজলুল হক বলেন, ‘দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার ঘটনায় দায়েরকৃত মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন নিম্ন আদালত। পরে ২০১৭ সালে হাইকোর্ট এ মামলার আসামি মোশাররফ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় বহাল রাখেন। মোশাররফ এতদিন পলাতক ছিলেন।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির অবরোধের সময় রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একদল কর্মী বিশ্বজিৎকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন। হত্যার এক বছর পর ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুতবিচার আদালত মামলার রায় দেন। এতে ৮ আসামিকে মৃত্যুদণ্ড ও ১৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

পরে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা। এতে মৃত্যুদণ্ড পাওয়া আট আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন এবং দুজনকে খালাস দিয়ে ২০১৭ সালের ৬ আগস্ট রায় দেন হাইকোর্ট। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১৩ আসামির মধ্যে আপিল করে দুই আসামি খালাস পান।


আপনার মন্তব্য

আলোচিত