সিলেটটুডে ডেস্ক

০২ নভেম্বর, ২০২২ ১২:৫১

সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্ত এলাকা সংলগ্ন আন্তর্জাতিক সীমানা পিলার এলাকা থেকে রতন চন্দ্র রায় (৩৫) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা।

সোমবার (৩১ অক্টোবর) ভোর রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দর ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত এলাকার বিপরীতে আন্তর্জাতিক সীমানা পিলার ৯১৩ সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থানকালীন সময়ে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। রতন চন্দ্রপুর এলাকার নিতেন্দ্রনাথ রায়ের পুত্র।

এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, রতন চন্দ্রসহ ৪ থেকে ৫ জনের একটি দল ৯১৩ নম্বর মেইন সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতীয় গরু আনার জন্য গেলে তিনি বিএসএফ সদস্যদের হাতে আটক হন।

সূত্রটি জানায়, ভারতের ৭৫ বিএসএফ সিতাই ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে শুধুমাত্র রতন চন্দ্রকে আটক করতে সক্ষম হয়। অন্য সঙ্গীরা পালিয়ে এসে স্থানীয় লোকজন ও তার পরিবারকে জানায়। বিএসএফ সদস্যরা আটক রতন চন্দ্রকে ভরতের কুচবিহার জেলার সিতাই থানা পুলিশের নিকট হস্তান্তর করে বলে জানায় সঙ্গীরা।

কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম বলেন, রতন চন্দ্র নামের এক যুবকে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে আমরা জেনেছি। তবে ওই যুবক গরু কিংবা মাদকদ্রব্য আনতে সীমান্তের ভারতীয় অংশে অনুপ্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

তিনি আরও জানান, বিএসএফের সঙ্গে আলোচনা ও পতাকা বৈঠকের চেষ্টা চলছে। আগামীকাল যে কোনো সময়ে পতাকা বৈঠক হতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত